সাভারে অনুমতি বাতিলের পরও ভবন নির্মাণ চলছে!
রাজধানীর অদূরে সাভার বাসস্ট্যান্ড বাজার সড়কের পাশে শর্ত ভঙ্গ করে গড়ে উঠছে ‘বিসমিল্লা প্লাজা’ নামের একটি বহুতল ভবন। পৌরসভা থেকে ভবন নির্মাণের অনুমোদন বাতিল করার পরও ভবনটির নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন এর মালিক।ভবনের মালিকপক্ষ থেকে বলা হচ্ছে, পুনরায় অনুমোদন নিয়ে নির্মাণকাজ শুরু হয়েছে। সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী একবার বলছেন, অনুমোদন বাতিলের আদেশ বহাল আছে, আবার বলছেন, পুনরায় অনুমোদন দেওয়া হয়েছে।সদ্য বদলি হয়ে যাওয়া সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া জানান, জমির মালিক আবদুল হাকিমের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে বহুতল ভবনটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। ভবনটির তৃতীয় তলা পর্যন্ত ৮০ ভাগ নির্মাণকাজ শেষ হওয়ার পর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করা হয়। তদন্তে শর্ত লঙ্ঘিত হওয়ার সত্যতা পাওয়া যায়।রফিকুল ইসলাম জানান, সাভার পৌর এলাকায় বহুতল ভবন নির্মাণ করার ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হয়। শর্ত অনুযায়ী সড়ক থেকে পাঁচ ফুট দূরত্বে ভবন নির্মাণ করার কথা থাকলেও সড়ক ও ভবনের মাঝে কোনো জায়গা রাখা হয়নি। সড়ক ঘেঁষে নিচতলার কাজ করা হলেও দ্বিতীয় তলা থেকে ওপরের দিকে সব কটি তলার নির্মাণকাজ করা হয়েছে আরও বাড়িয়ে, যা ভবনসংলগ্ন সড়কের প্রায় এক-চতুর্থাংশ পর্যন্ত চলে গেছে। ভবন নির্মাণের কারণে এর পূর্ব পাশের রাস্তাসংলগ্ন নর্দমা বেদখল হয়ে গেছে। এ ছাড়া ভবনটিতে গাড়ি রাখার কোনো ব্যবস্থাও রাখা হয়নি। এসব অনিয়মের কারণে মাস চারেক আগে ভবনটির অনুমোদন বাতিল করা হয়।গত সোমবার সরেজমিনে দেখা যায়, ষষ্ঠ তলার ছাদ ঢালাইয়ের জন্য কাজ করছেন শ্রমিকেরা। এর আগে গত এক মাসে চতুর্থ ও পঞ্চম তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ করা হয় বলে শ্রমিকেরা জানান।এ বিষয়ে জানতে চাইলে ভবনমালিকের ভাই ও ভবনের অন্যতম অংশীদার মো. নাদিম হায়দার প্রথম আলোকে জানান, পৌরসভা থেকে নতুন করে অনুমোদন নিয়ে আবার কাজ শুরু করা হয়েছে। তবে তিনি কোনো অনুমোদনপত্র দেখাতে পারেননি।গত সোমবার যোগাযোগ করা হলে পৌরসভার বর্তমান নির্বাহী প্রকৌশলী এমতেমাম হোসেন ভবন নির্মাণের পুনরানুমোদন দেওয়ার কথা অস্বীকার করেন। এ সময় তাঁর অফিস কক্ষে উপস্থিত উপসহকারী প্রকৌশলী মো. শাজাহান ও মো. আলম মিয়া, নকশাকার শফিকুল ইসলামসহ পৌরসভার প্রকৌশল শাখার সংশ্লিষ্ট সবাই ভবনটি নির্মাণের পুনরানুমোদন না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর পর প্রকৌশল শাখার মাঠপর্যায়ের কর্মকর্তারা গিয়ে কাজ বন্ধ করে দেন। গতকাল বৃহস্পতিবার আবার সরেজমিনে দেখা যায়, নির্মাণশ্রমিকেরা কাজ করছেন। এ সময় মুঠোফোনে যোগাযোগ করা হলে নির্বাহী প্রকৌশলী এমতেমাম হোসেন বলেন ভিন্ন কথা। তিনি বলেন, শর্ত ভঙ্গ করে ভবনের যে সব অংশ নির্মাণ করা হয়েছিল, তা ভেঙে ফেলার পর সদ্য বদলি হয়ে যাওয়া নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামই পুনরানুমোদন দিয়ে যান। অথচ দুই দিন আগেই তিনি (এমতেমাম) অনুমোদন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন।গত সোমবার তাহলে ভিন্ন কথা বলেছিলেন কেন, জানতে চাইলে এমতেমাম হোসেন জবাব না দিয়ে সভা আছে বলে ফোন রেখে দেন।পুনরানুমোদন দিয়েছিলেন কি না জানতে চাইলে বদলি হয়ে যাওয়া নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি গত বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত সাভার পৌরসভার দায়িত্বে ছিলাম। ওই দিন পর্যন্ত বিসমিল্লা প্লাজার মালিকপক্ষকে ভবন নির্মাণের জন্য পুনরায় কোনো অনুমোদন দেওয়া হয়নি।’অভিযোগ পাওয়া গেছে, ভবনমালিক পৌর কর্তৃপক্ষকে হাত করে ভবনটির নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। তবে নির্বাহী প্রকৌশলী এমতেমাম এই অভিযোগ অস্বীকার করেছেন।