সাভারে অপহরণকালে পাঁচ শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার বেরন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অপহরণকালে পাঁচ শিশুকে উদ্ধার করেছে জনতা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিনা আক্তার (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি ঢাকার ধামরাই উপজেলার জাঙ্গীলা কামারপাড়া গ্রামে। তিনি সাভারের গেন্ডা এলাকায় থাকেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর একটার দিকে মিনা আক্তারসহ পাঁচজন একটি মাইক্রোবাস নিয়ে আশুলিয়ার গাজীর চট এলাকায় অবস্থান নেন। এরপর মিনা মাইক্রোবাস থেকে নেমে বেরন এলাকায় যান। ওই এলাকার সাইদুর রহমানের ছেলে মেহেদি হাসান (৪), শফিকুল ইসলামের মেয়ে সামিরা (৩) ও ছেলে লিমন (৬), রুবেল মিয়ার মেয়ে রাবিয়া আক্তার (৬) এবং রব মোল্লার ছেলে শ্রাবণকে (৪) ফুল দেওয়ার কথা বলে প্রায় দুই কিলোমিটার দূরের দক্ষিণ গাজীর চট এলাকায় নিয়ে যান। এদিকে ওই শিশুরা হঠাৎ উধাও হয়ে গেলে পরিবারের লোকজন বিচ্ছিন্নভাবে তাদের খুঁজে খুঁজে গাজীর চট এলাকায় পৌঁছায়। পরে সেখানে জনতার সহায়তায় শিশুদের উদ্ধার করা হয়। এ সময় মিনাকে আটক করা সম্ভব হলেও তাঁর সঙ্গীরা মাইক্রোবাস নিয়ে চম্পট দেয়।