সাভারে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৩ গাড়ি আটক
ঢাকার সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকা থেকে দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি গাড়ি আটক করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন বাড্ডা ভাটপাড়া এলাকার সাইফুল্লাহ (২২), একই এলাকার অনু তালুকদার (২৪) ও সাটুরিয়ার জান্না গ্রামের মো. মোস্তফা (২৫)।সাটুরিয়া থানার পুলিশ জানায়, বাড্ডা ভাটপাড়ার বাসিন্দা নারায়ণচন্দ্র দাসের মেয়ে পুষ্প রানী দাস ও তাঁর বন্ধু বলরাম ব্যাপারী গত সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বেড়াতে যান। সেখান থেকে একটি ট্যাক্সিক্যাবে করে বাসায় ফেরার পথে রাত নয়টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছার পর সাইফুল্লাহ, অনু, মোস্তফা ও মাসুদ নামে আরও এক যুবক একটি প্রাইভেট কার নিয়ে ক্যাবটির গতি রোধ করেন। এরপর তাঁরা পুষ্প ও বলরামকে ক্যাব থেকে নামিয়ে তাঁদের গাড়িতে তুলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় নিয়ে যান। এরপর তাঁদের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপহরণকারীরা পুষ্পকে আটকে রেখে বলরামকে হত্যার উদ্দেশ্যে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় বলরামের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ধাওয়া করে তিন অপহরণকারীকে আটক করে। অপরজন পালিয়ে যায়।পুষ্প জানান, বলরাম মাদারীপুরের রাজৈর উপজেলার গোপালগঞ্জ গ্রামের চিন্তাহরণ ব্যাপরীর ছেলে। কিছুদিন আগে সাভারের একটি মেলায় তাঁদের পরিচয় হয়। এর পর থেকে বলরাম তাঁদের বাসায়ও যাতায়াত করতেন। সোমবার দিনভর তাঁর সঙ্গে বেড়িয়ে বাড়ি ফেরার পথে তাঁদের অপহরণ করা হয়। এ ব্যাপারে তাঁর ভাই শিবুচন্দ্র দাস গতকাল সাটুরিয়া থানায় মামলা করেন।সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিপণ অথবা অন্য কোনো উদ্দেশ্যে পুষ্প ও বলরামকে অপহরণ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।