সাভারে অপহূত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের এক দিন পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ব্যবসায়ী তফিজ সরওয়ারকে (৬৪) সাভারের মালঞ্চ এলাকা থেকে উদ্ধার করেছেন। গত মঙ্গলবার রাতে তিনি সাভারের বাজার রোড থেকে অপহূত হন। তাঁর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামে। র‌্যাব সাভার ক্যাম্প সূত্র জানায়, কীটনাশক ও সারের ব্যবসায়ী তফিজ সরওয়ার মঙ্গলবার ব্যবসায়িক কাজে সাভার আসেন। রাত আটটার দিকে তিনি বিলাস সিনেমা হলের সামনে দিয়ে হাঁটছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রিকশায় তুলে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে মুঠোফোনে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তফিজের স্বজনেরা বুধবার এসএ পরিবহনের মাধ্যমে এক লাখ টাকা পাঠিয়ে বিষয়টি র‌্যাবকে জানান। এসএ পরিবহনের সাভারের আশুলিয়ার বাইপাইল শাখা থেকে ওই টাকা উত্তোলন করতে গিয়ে খোরশেদ আলম (২০) ও সাজ্জাদ হোসেন (২২) নামের অপহরণকারী দলের দুই সদস্য র‌্যাবের হাতে আটক হন। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ওই দিন রাত নয়টার দিকে সাভারের মালঞ্চ এলাকার এক বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাট থেকে অপহূত ব্যবসায়ী তফিজকে উদ্ধার করা হয়। এ সময় ওই কক্ষ থেকে আজাদ হোসেন (৩৮) নামের অপহরণকারী দলের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ী তফিজ সরওয়ার বাদী হয়ে সাভার থানায় মামলা করেছেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর পেছনে আরও কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।