সাভারে অবৈধ বাজারের দখল নিয়ে সংঘর্ষ
ঢাকার সাভারের গেন্ডা এলাকায় সরকারি জমির ওপর অবৈধভাবে গড়ে ওঠা বাজারের দখল নিয়ে গতকাল শুক্রবার ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে (৩০) গুলি করার পর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়।
পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ওই ঘটনা ঘটান বলে অভিযোগ করেছেন নাসিরের বাবা জমসের আলী। নাসিরের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সাভার মডেল থানার পুলিশ, এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, বছর দুয়েক আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের অনুসারী হিসেবে পরিচিত যুবলীগের নেতা আমিনুল ইসলাম সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রায় তিন বিঘা জমি দখল করেন। সেখানে তিনি অর্ধশত কাঁচা দোকানঘর তুলে বাজার গড়ে তোলেন। পরে দোকানগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে ব্যবসায়ীদের বরাদ্দ দেন। ওই সব দোকান থেকে নিজস্ব লোক দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা চাঁদা আদায় করতেন।
ব্যবসায়ী মোসলেম ফকির, আবদুল হক ও জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে জানান, তৌহিদ জং মুরাদ এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় সপ্তাহ খানেক আগে গেন্ডা এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আমিনুলের লোকদের ওই বাজার থেকে তাড়িয়ে দেন এবং তাঁদের লোকদের হাতে প্রতিদিনের চাঁদা দিতে বলেন ব্যবসায়ীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে আমিনুল দলবল নিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে বাজারে ঢোকেন। প্রতিপক্ষের লোকজন পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা নাসির ও যুবলীগের নেতা ফারুক হোসেন আহত হন।
গেন্ডা এলাকার বাসিন্দা শাহীন মিয়া জানান, সংঘর্ষের একপর্যায়ে নাসির পালানোর চেষ্টা করলে আমিনুলের লোকজন তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এরপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। পরে তিনি নাসিরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আমিনুলের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।