সাভারে অস্ত্রসহ আটক যুবলীগের দুই নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ায় গতকাল রোববার শটগানসহ আটক হওয়া যুবলীগের দুই নেতা সোহেল পারভেজ ও রিয়াজ মিনা আজ সোমবার জামিন পেয়েছেন। যুবলীগের সহকারী সম্পাদক পদে থাকা এই দুই নেতা গতকাল ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি পোশাক কারখানায় ঝুট ব্যবসার দখল নিতে গিয়ে অস্ত্রসহ আটক হন।

আটক হওয়া নেতাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। তাঁদের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এদিকে অস্ত্রসহ আটক ওই যুবলীগের দুই নেতাকে আজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তাঁদের বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিইপিজেডের সহকারী নিরাপত্তা কর্মকর্তা গোলাম হায়দার গতকাল রাতেই অস্ত্রসহ আটক যুবলীগের দুই নেতার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলোকে বলেন, ডিইপিজেড কর্তৃপক্ষ মামলা না করায় তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

তিনি বলেন, তাঁদের কাছে পাওয়া শটগানটির লাইসেন্স থাকলেও অবৈধভাবে সংরক্ষিত এলাকায় প্রবেশ করার কারণে তা জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

ডিইপিজেড সূত্র জানায়, সোহেল পারভেজ ও রিয়াজ মিনা গতকাল একটি পাজেরো, একটি মাইক্রোবাস, একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেলে করে ১৪ থেকে ১৫ জন সহযোগী নিয়ে ডিইপিজেড এলাকায় যান। তাঁরা মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা অনুমতি ছাড়া তাঁদের ভেতরে প্রবেশে বাধা দেন। এ সময় তাঁরা শটগান ও পিস্তল দেখিয়ে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে ডিইপিজেডের সংরক্ষিত এলাকার ভেতরে প্রবেশ করে শান্তা ডেনিমস কারখানায় যান। তখন ওই কারখানা থেকে ঠিকাদার আকবর হোসেন মৃধার ঝুট বের হচ্ছিল।

জানা গেছে, সোহেল ও রিয়াজ লোকজনসহ কারখানায় ঢুকে ঝুট বের করতে বাধা দেন। একপর্যায়ে তাঁরা অস্ত্র প্রদর্শন করে সাভারের সাংসদ এনামুর রহমানের দোহাই দিয়ে ঝুট ব্যবসা তাঁদের দেওয়ার দাবি জানান। ঝুট বহনের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের সঙ্গে অশালীন আচরণও করেন তাঁরা। খবর পেয়ে ডিইপিজেডের নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র আনসার সদস্যরা সেখানে গিয়ে শটগানসহ সোহেল ও রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বাকিরা গাড়িযোগে পালিয়ে যান।