সাভারে অ্যাম্বুলেন্স চাপায় দুই ব্যক্তি নিহত, আহত ১
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে গতকাল রোববার অ্যাম্বুলেন্সের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অপর একজন গুরুতর আহত হন। নিহত ব্যক্তিরা হলেন: রিকশাচালক সেলিম হোসেন (৩৫) ও রিকশার আরোহী টুটুল (২২)। সেলিমের বাড়ি ঠাকুরগাঁওয়ের বিসলামপুর গ্রামে। টুটুল হেমায়েতপুর এলাকার মহিউদ্দিনের ছেলে। শহীদুল ইসলাম নামের রিকশার অপর একজন আরোহীকে মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে টুটুল ও শহীদুল রিকশায় করে বলিয়ারপুর যাচ্ছিলেন। পথে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাচালকসহ তাঁরা সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় অ্যাম্বুলেন্সটি তাঁদের চাপা দেয় ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জনতা অ্যাম্বুলেন্সটি আটক করলেও এর চালক পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। টুটুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। শহীদুল ইসলামকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ অ্যাম্বুলেন্সের চাপায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।