সাভারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে উপজেলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কফিল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মিনি আক্তারকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার এসব জরিমানা করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কফিল উদ্দিনের সমর্থকেরা পোস্টার ও স্টিকার লাগানো অর্ধশত মোটরসাইকেল নিয়ে মিছিল বের করেন। মিছিলটি আশুলিয়ার বলিভদ্র এলাকায় পৌঁছানোর পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিয়াকত আলী মোটরসাইকেল আটক করে কফিল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া মাইক্রোবাসে পোস্টার লাগিয়ে জনসংযোগ করার দায়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মিনি আক্তারকে জরিমানা করেন একই আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানার পাশাপাশি ওই প্রার্থীদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এ অভিযান অব্যাহত থাকবে।

২৭ ফেব্রুয়ারি সাভার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।