সাভারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৬ প্রার্থীর অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের ২৬ জন চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দেয়ালে পোস্টার ও স্টিকার লাগানোর দায়ে অর্থদণ্ড করেন। আগামী ২৯ জুন ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালান। সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোমিন মিয়া ও সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাজাহান মিয়াকে সঙ্গে নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন এ আদালত পরিচালনা করেন। অভিযানকালে আদালত অসংখ্য বাড়িঘর ও দোকানের দেয়ালে প্রার্থীদের পোস্টার এবং স্টিকার দেখতে পান, যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বাড়িঘর ও দোকানের দেয়ালে পোস্টার এবং স্টিকার লাগানো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণেই তাদের অর্থদণ্ড করা হয়েছে।