সাভারের ওয়াইএমসিএ মিলনায়তনে শুরু হয়েছে আন্তধর্মীয় সম্প্রীতির লক্ষ্যে ‘শান্তি বিনির্মাণ ও দ্বন্দ্ব নিরসন’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি। গত শনিবার পাঁচ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।ইউনাইটেড রিলিজিয়নস ইনিশিয়েটিভ (ইউআরআই), ট্রাভেলিং পিস একাডেমি (টিপিএ)-এশিয়া এবং আনন্দ-বাংলাদেশ যৌথভাবে ওই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।আয়োজকেরা জানায়, সব ধর্মের মর্মবাণী হচ্ছে, বিশ্বমানবতার শান্তি বিনির্মাণ ও মানবকল্যাণ সাধন। আজকের সংঘাতময় বিশ্বে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস ও দ্বন্দ্ব নিরসন করে পৃথিবীকে শান্তিময় আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠার জন্য সংলাপ ও মতবিনিময়ের কোনো বিকল্প নেই। এ উপলব্ধি থেকে ওই কর্মসূচির আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। আনন্দ-বাংলাদেশের চেয়ারম্যান নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক ফ্রান্সিস হালদার, ইউআরআই-এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক অধ্যাপক আব্রাহাম কারিক্কাম ও অধ্যাপক জর্জ ম্যাথিউ, মুহাম্মদ আবদুল মুনিম খান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।