সাভারে আবাসন প্রকল্পকে ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজার এলাকায় ‘আরশীনগর হাউজিং লিমিটেডকে’ ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সোমবার এ জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমিনবাজার এলাকায় জলাশয় ও কৃষিজমি ভরাট করে আরশীনগর হাউজিং লিমিটেড নামের একটি আবাসন প্রকল্পে প্লট বিক্রি করা হচ্ছিল। প্রকল্প এলাকায় ১০০ ফুট প্রশস্ত রাস্তাসহ সাইনবোর্ডও টাঙানো হয়েছিল। অথচ এসব কাজের জন্য আবাসন প্রকল্পটির পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছিল না, যা পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থী।ওই সূত্র আরও জানায়, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ দল সরেজমিনে অনুসন্ধান চালিয়ে আরশীনগর হাউজিং লিমিটেডের বেআইনি কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়। এর পরই পরিবেশ অধিদপ্তর থেকে প্রকল্পের কর্মকর্তাদের ১০ লাখ টাকা জরিমানার পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত সব ধরনের ভূমির উন্নয়নকাজ ও প্লট বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বেআইনিভাবে আবাসন প্রকল্প গড়ে তোলায় ওই এলাকার পরিবেশ ঝুঁকির মধ্যে পড়েছে। এতে কৃষিজমি নষ্ট, জলাশয় ভরাট, জীববৈচিত্র্য ধ্বংস এবং বন্যার পানি চলাচলের পথ অবরুদ্ধ হয়ে পড়ছে। এসব বিষয় বিবেচনায় এনে ওই আবাসন প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।