সাভারে আরও দুটি খামারের সাড়ে ৮ হাজার মুরগি নিধন
ঢাকার সাভার উপজেলায় বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দেওয়ায় গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার মুরগি নিধন করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে সাভারে প্রায় ১০ হাজার মুরগি নিধন করা হলো। কয়েক দিন আগে একই এলাকায় প্রায় দেড় হাজার মুরগি নিধন করা হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আশুলিয়া থানার কাঠগড়া এলাকার ‘জয়নগর পোলট্রি অ্যান্ড হ্যাচারি’ ও কুটুরিয়া এলাকার ‘দীপা পোলট্রি’ নামের দুটি খামারে গত কয়েক দিনে বেশ কিছু মুরগি মারা যায়। খামারের মালিকেরা বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করলে গত রোববার খামার দুটি থেকে মরা মুরগির নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগারে (সিডিআইএল)। পরীক্ষায় বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি ধরা পড়লে খামার দুটির সব মুরগি নিধন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ওই খামার দুটির আট হাজার ৪০৩টি মুরগি নিধন করে মাটিতে পুঁতে ফেলা হয়।সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ফরহাদুল আলম বলেন, জয়নগর পোলট্রি অ্যান্ড হ্যাচারির ছয় হাজার ৯৪১টি এবং দীপা পোলট্রির এক হাজার ৪৬২টি মুরগি নিধন করা হয়।এর আগে ১১ ফেব্রুয়ারি সাভারের রাজাসন এলাকার আরও একটি খামারের এক হাজার ৭০০ মুরগি নিধন করা হয়।এদিকে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় সাভারে খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা বার্ড ফ্লু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।দক্ষিণ রাজাসন গ্রামের মুরগির খামারের মালিক মোমিনুল ইসলাম বলেন, রাজধানীর মোট চাহিদার উল্লেখযোগ্যসংখ্যক ডিম ও মুরগির জোগান দেওয়া হয় সাভার থেকে। এ কারণে এখানকার খামারগুলো বাঁচিয়ে রাখা প্রয়োজন। কিন্তু সরকারি পর্যায়ে রোগ শনাক্ত ও নিধন ছাড়া আর কোনো কর্মসূচি না থাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।