সাভারে আসামি পিটিয়ে হত্যার অভিযোগে সড়ক অবরোধ
সাভারে এক পুলিশ ফাঁড়িতে একজন আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ জনতা। নিহত ব্যক্তির নাম শামীম সরকার। তাঁর স্বজনদের অভিযোগ, চাঁদা দিতে না পারায় শামীমকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ।
শামীমের (৩২) ভাই বিপ্লব সরকারের অভিযোগ, গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে একদল পুলিশ হেমায়েতপুরের মোল্লা সিএনজি স্টেশন থেকে শামীমকে গ্রেপ্তার করে সাভারের ট্যানারি ফাঁড়িতে নিয়ে যায়। এরপর সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকিদুল ইসলাম তাঁর (বিপ্লব) ফোনে যোগাযোগ করে টাকা নিয়ে দেখা করতে বলেন। এই টাকা দিতে না পারায় পুলিশ শামীমকে পিটিয়ে হত্যা করে। লাশ কোথায়—এমন প্রশ্নের জবাবে পুলিশ একবার বলছে, ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ পাঠানো হয়েছে। একবার বলছে, মিটফোর্ড হাসপাতালের কথা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুর রহমানের ভাষ্য, একটি হত্যা মামলায় শামীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
একই থানার অপর ওসি মোস্তফা কামাল বলেন, তাঁরা অভিযোগ খতিয়ে দেখছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।