সাভারে আড়াই মেট্রিক টন পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের নামাবাজারে অভিযান চালিয়ে আড়াই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নয়জন ব্যবসায়ীকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর গতকাল সোমবার এ অভিযান চালানো হয়।পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গতকাল নামাবাজারে অভিযান চালান। নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আবুল মনসুর ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।গতকাল সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত র্যাব সদস্যদের নিয়ে নামাবাজার ঘিরে ফেলেন। আগেই অভিযানের খবর পেয়ে গুদাম বন্ধ করে গা ঢাকা দেন ব্যবসায়ীরা। পরে আদালত গুদামের তালা ভেঙে পলিথিন উদ্ধার করেন। দিনভর অভিযান চালিয়ে আদালত নয়টি গুদাম থেকে সাড়ে চার লাখ টাকা মূল্যের আড়াই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেন। এ সময় নিষিদ্ধ পলিথিনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আদালত বাজারের ব্যবসায়ী গোপাল সাহা, মহাদেব সাহা, উৎপল সাহা, সঞ্জয় সাহা, জীবন বর্মণ, সম্ভু সাহা, বিপ্লব পাল, বিপুল সাহা ও সাদ্দাম হোসেনকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন।