সাভারে ইউনানি ওষুধ তৈরির কারখানা সিলগালা
সাভারের যাদুরচর এলাকার দ্য রেডিসান ফার্মাসিউটিক্যালস (ইউনানি) লিমিটেড নামের একটি ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আদালত ওই কারখানার দুই কর্মকর্তাকে জরিমানা করেন। গাছগাছড়ার পরিবর্তে মানবদেহের জন্য ক্ষতিকর রসায়নিক দ্রব্য দিয়ে ওষুধ তৈরির অপরাধে কারখানাটির বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, বছর খানেক আগে লিটন নন্দী নামে এক ব্যক্তি যাদুরচর এলাকার মজিবর রহমানের বাড়ির নিচতলা ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন শুরু করেন। তিনি ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। ছয় মাস ধরে কারখানাটিতে উৎপাদিত রিওডল, আরমিনা, রেডিক্যাল-ডি, রিনকারা, রেডিভাস, সেরিটা, রিকুলি ও রেওনেহাল নামের আটটি সিরাপজাতীয় ওষুধ বাজারজাত করা হচ্ছিল। এসব ওষুধ তৈরিতে গাছগাছড়ার পরিবর্তে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে গতকাল কারখানাটিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন।
এ সময় ওই কারখানার হেকিম বোরহান উদ্দিন ও রিয়াজ মাহমুদ নামের দুজন কর্মকর্তাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া যন্ত্রপাতি ও ৩৫০ কার্টন ওষুধ জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক লিটন নন্দীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অভিযানে অংশ নেন ওষুধ প্রশাসনের ওষুধ তত্তাবধায়ক মাহবুব হোসাইন। তিনি বলেন, কারখানাটির ইউনানি ওষুধ তৈরির অনুমতি রয়েছে। কিন্তু ইউনানি ওষুধ তৈরি না করে সেখানে অ্যালোপেথিক ওষুধ উৎপাদন করা হচ্ছিল। এসব ওষুধে গাছগাছড়ার পরিবর্তে ক্যাফাইন, স্যাকারিনসহ বিভিন্ন ধরনের রসায়নিক দ্রব্য ব্যবহার করা হতো; যা মানবদেহের জন্য ক্ষতিকর। তা ছাড়া ওষুধে যে রং ও সুগন্ধি ব্যবহার করা হতো, তা-ও মানসম্মত ছিল না। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন বলেন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক লিটন নন্দীর বিরুদ্ধে ওষুধ প্রশাসন আদালতে মামলা করা হবে।
কোমল পানীয় ও লজেন্স তৈরির কারখানাকে জরিমানা: ভ্রাম্যমাণ আদালত আশুলিয়ার নরসিংহপুরে ‘এফপিআই ফুড প্রডাক্টস’ নামের একটি কারখানায় অভিযান চালিয়ে সেখানে কর্মরত চার কর্মকর্তা-কর্মচারীকে চার লাখ টাকা জরিমানা করেছেন। ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন বলেন, কারখানাটির অনুমোদন থাকলেও কর্তৃপক্ষ তাদের অনুমোদিত পণ্য উৎপাদনের পাশাপাশি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিভিন্ন ধরনের চকলেট ও কোমল পানীয় উৎপাদন করে তা ভারতের এবং দেশীয় বিভিন্ন পণ্যের মোড়কে বাজারজাত করে আসছিল।