সাভারে উচ্ছেদ অভিযান পরিবেশ অধিদপ্তরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়ে দুটি ইটভাটা ও পুরোনো টায়ার জ্বালিয়ে তেল তৈরির ছয়টি কারখানা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও ঢাকার আঞ্চলিক কার্যালয় আশুলিয়ার বিরুলিয়া ও সাভারের আমিনবাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম। তাঁকে সহায়তা করেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. আলমগীর, ঢাকার আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল হাই, উপপরিচালক (আইন) বেগম রুখসানা রহমান ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না নিয়ে ইট উৎপাদনের দায়ে মেসার্স সাদিয়া ব্রিকস ও মেসার্স পাওয়ার ব্রিকস নামের দুটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই ইটভাটা থেকে দুই লাখ টাকা জরিমানাও আদায় করেন। এ ছাড়া ওই এলাকার রাজু ও শরীফ ব্রিকস নামের দুটি ভাটাকে শুনানির জন্য অধিদপ্তরে তলব করা হয়।

পরে আমিনবাজারে অভিযান চালিয়ে টায়ার জ্বালিয়ে তেল উৎপাদনের ছয়টি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ওই সব কারখানায় কর্মরত শতাধিক শিশু ও নারী শ্রমিককে উদ্ধার করা হয়। এসব কারখানায় পরিবেশ বিনষ্ট করে দীর্ঘদিন ধরে পুরোনো টায়ার পোড়ানো হচ্ছিল।