সাভারে উদ্ধার অভিযান শেষ, স্বজনদের ক্ষোভ
সাভারে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ধসে পড়া রানা প্লাজার উদ্ধার অভিযান। দোয়া অনুষ্ঠানেও স্বজনহারা মানুষ প্রিয়জনের লাশের দাবিতে বিক্ষোভ করেন এবং ভবনমালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান।
ধসে পড়া ভবনের সামনে-পেছনে উঁচু কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। মোনাজাতের পর উদ্ধার অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর সদস্যরা সাভার ছেড়ে চলে যান। চলে যান ফায়ার সার্ভিসের সদস্যরাও। তবে থামেনি স্বজনহারাদের বিলাপ। অনেকে কাঁটাতারের বেড়া ধরে প্রিয়জনের জন্য হাউমাউ করে কাঁদতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। নিখোঁজ প্রিয়জনের ছবি ও ঠিকানাসংবলিত পোস্টার হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বজনেরা।
সাভার ভাটপাড়া এলাকার আবুল কাশেম কাঁটাতারের বেড়া ধরে কান্নাকাটি করছিলেন আর বলছিলেন, ‘সবাই চলে যাচ্ছে। আমার আফজালের লাশ দেবে কে?’ কাসেম জানান, তাঁর দুই ছেলে আফজাল ও উজ্জ্বল এবং উজ্জ্বলের বউ খোদেজা রানা প্লাজায় কাজ করতেন। উজ্জ্বল ও খোদেজার লাশ পাওয়া গেছে। কিন্তু আফজালের লাশ এখনো পাননি।
দিনাজপুরের সান্ত্বনা আক্তারের মা রেহেনা আক্তার হাউমাউ করে কেঁদে বলেন, ‘রেশমাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়িও আমার বাড়ির পাশের গ্রামে। আমার মেয়েটাকে জীবিত না পাই, লাশটা তো পাব?’
সাভারেরই ক্যাপিটাল পোশাক কারখানায় কাজ করেন মনি আক্তার। কাঁটাতারের বেড়া ধরে কাঁদতে কাঁদতে মানিকগঞ্জের মনি বলেন, তাঁর বোন রোমানা কাজ করতেন তৃতীয় তলায়। লাশটাও পাওয়া যায়নি শেষ পর্যন্ত।
স্বজনদের বিক্ষোভ
দোয়া অনুষ্ঠান শুরু হওয়ার আগে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে ২০০ থেকে ৩০০ স্বজনহারা মানুষ প্রিয়জনের ছবিসংবলিত পোস্টার হাতে বিক্ষোভ করেন। অনেকেই এ সময় সোহেল রানার ফাঁসির দাবি চেয়ে স্লোগান দেন।
এ সময় ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বিক্ষুব্ধ লোকজনের উদ্দেশে বলেন, মর্গে থাকা ও জুরাইনে দাফন করা ৩০০ লাশের কোনো পরিচয় নিশ্চিত করা যায়নি। এসব লাশের ডিএনএ নমুনা রেখে দেওয়া হয়েছে। কবরগুলোও বিশেষ নম্বর দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। যেসব স্বজন এখনো ডিএনএর নমুনা দেননি, তাঁদের দ্রুত দেওয়ার অনুরোধ জানান তিনি। জেলা প্রশাসক আরও বলেন, মৃতদেহ ও স্বজনের ডিএনএ নমুনা পরীক্ষা করে মিলে গেলে সরকারের পক্ষ থেকে কোন কবরটি কার স্বজনের, তা দেখিয়ে দেওয়া হবে।
এর আগে মঙ্গলবার ভোরে রানা প্লাজার স্থানটি জেলা প্রশাসনকে বুঝিয়ে দেয় সেনাবাহিনী। জেলা প্রশাসনের পক্ষে এখন ওই স্থানের দেখভালের দায়িত্ব পড়েছে সাভার উপজেলা প্রশাসনের ওপর। ধসে পড়া ভবনের সব ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে। পার্কিংয়ে থাকা দুমড়ানো-মুচড়ানো গাড়িগুলো পড়ে আছে। এ ছাড়া, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের কিছু অংশ ওই ভবনের পেছনের ভাগাড়ে সরিয়ে রাখা হয়। সেখানেও স্তূপের সৃষ্টি হয়েছে।
দুপুরের পরপরই ঢাকা-আরিচা মহাসড়কের উভয় অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ভবনধসের পর থেকে মহাসড়কটি বন্ধ ছিল। একপর্যায়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পশ্চিমাংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।