সাভারে এএসপির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মো. শাজাহান এক গৃহবধূ ও তাঁর মেয়েকে ধরে নিয়ে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখিয়ে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সুবিচার চেয়ে হয়রানির শিকার ওই গৃহবধূর মেয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযুক্ত এএসপি মো. শাজাহান মা ও মেয়েকে আটক করার কথা স্বীকার করলেও ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।আইজিপির কাছে দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে এএসপি শাজাহান তাঁর কার্যালয়ের কয়েকজন কনস্টেবলকে নিয়ে সাভার থানা থেকে মাত্র ১০ গজ দূরে দক্ষিণ নামাবাজার মাদ্রাসা রোডের সিদ্দিকুর রহমানের বাসায় যান। এরপর তিনি ওই বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি শেষে সিদ্দিকুরের স্ত্রী ও তাঁর কলেজপড়ুয়া মেয়েকে সাভার থানা ভবনে এএসপি কার্যালয়ে নিয়ে যান। সিদ্দিকুর এ সময় বাসায় ছিলেন না। কার্যালয়ে নেওয়ার পর এএসপি শাজাহান সিদ্দিকুরের স্ত্রীকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার ভয় দেখান। এরপর তিনি ছেড়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং গৃহবধূকে হাজতে আটকে রাখেন। ঘুষের টাকা আনতে ছেড়ে দেন মেয়েকে। পরে মেয়েটি এএসপিকে ৪০ হাজার টাকা দিলে রাত ১০টার দিকে তাঁরা মা-মেয়ে ছাড়া পান।সিদ্দিকুর রহমানের বাসার পাশের রিকশা গ্যারেজের মিস্ত্রি আবদুল খালেক বলেন, সন্ধ্যার পর পুলিশ এসে সিদ্দিকুরের বাসায় তল্লাশি করেন। এরপর সিদ্দিকুরের স্ত্রী ও মেয়েকে ধরে নিয়ে যান। কিছুক্ষণ পর তাঁর মেয়ে বাসায় ফিরলেও তাঁর স্ত্রী বাসায় ফেরেন ঘণ্টা তিনেক পর।সিদ্দিকুরের কলেজপড়ুয়া মেয়ে বলেন, ‘পুলিশ আমাদের বাসায় কোনো মাদকদ্রব্য পায়নি। তবুও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে মা ও আমাকে ধরে নিয়ে গিয়ে পুলিশ আমাদের সামাজিকভাবে হেয় করেছে। মানসম্মানের ভয়ে ৪০ হাজার টাকার বিনিময়ে মুক্ত হতে বাধ্য হই। আর এই টাকা জোগাড় করি স্বর্ণালংকার বন্ধক রেখে।’ তিনি জানান, অহেতুক এ হয়রানি ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি সুবিচার চেয়ে আইজিপির কাছে লিখিত অভিযোগ করেছেন।এ ব্যাপারে অভিযুক্ত এএসপি মীর মো. শাজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সিদ্দিকুর রহমানের বাসায় মাদকের ব্যবসা চলে—এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে ওই বাসায় অভিযান চালানো হয়। কিন্তু কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য মা ও মেয়েকে আটক করা হয়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দিই। ঘুষ নেওয়ার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ সত্য নয়।’সাভারের দক্ষিণ নামাবাজার মাদ্রাসা রোডের বাসিন্দারা জানান, সিদ্দিকুর মাদক ব্যবসা করেন—এমন কোনো প্রমাণ বা অভিযোগ তাঁরা পাননি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান প্রথম আলোকে জানান, ‘থানায় সিদ্দিকুর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মাদক ব্যবসার কোনো অভিযোগ নেই।’ঢাকা জেলা পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।