সাভারে এক ব্যক্তি খুন, তিন ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার দক্ষিণ দরিয়ারপুর মহল্লায় এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাঁর তিন ছেলেকে গ্রেপ্তার করেছে।নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহীম (৬০)। তিনি দুই বিয়ে করেছেন। ইব্রাহীম দ্বিতীয় স্ত্রী আরজুনারার সঙ্গে দক্ষিণ দরিয়ারপুরে থাকতেন।সাভার থানার পুলিশ ও ইব্রাহীমের পারিবারিক সূত্রের ভাষ্যমতে, মাস খানেক আগে ইব্রাহীমের প্রথম সংসারের ছেলে মাঈন উদ্দিন (২৪) তাঁর বড় ভাই মো. দারাজকে (২৮) পাঁচ হাজার টাকা ধার দেন। সময়মতো টাকা পরিশোধ না করায় মাঈন উদ্দিন ও তাঁর স্ত্রী দুলালী বেগম পাওনা টাকা আদায়ের জন্য সৎভাই সিরাজকে (২০) নিয়ে শুক্রবার বিকেলে দারাজের কাতলাপুরের বাসায় যান। দারাজ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরই একপর্যায়ে দারাজ ও তাঁর স্ত্রী আকলিমা ওই তিনজনের ওপর হামলা চালান। পরে মাঈন উদ্দিন তাঁর স্ত্রীকে নিয়ে সৎভাইয়ের বাসায় চলে যান।সূত্রের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দারাজ লোকজন নিয়ে দক্ষিণ দরিয়ারপুরের বাসায় গিয়ে বাবা ইব্রাহীম এবং সিরাজ ও মাঈন উদ্দিনের ওপর হামলা চালান। লোহার রড ও লাঠি দিয়ে তাঁদের পিটিয়ে হামলাকারীরা বাসা থেকে চলে যান। ইব্রাহীমকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।গতকাল শনিবার ইব্রাহীমের স্ত্রী আরজুনারা সাভার থানায় হত্যা মামলা করেন। মামলায় দারাজ আলী ও তাঁর স্ত্রী আকলিমা, আত্মীয় লুবনাসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ দারাজ, মাঈন উদ্দিন ও সিরাজকে গ্রেপ্তার করে। কিন্তু মাঈন উদ্দিন ও সিরাজকে মামলায় আসামি করা হয়নি।মামলার বাদী আরজুনারা বলেন, ‘সিরাজ ও মাঈন উদ্দিন আমার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তার পরও পুলিশ তাদের ধরে নিয়ে যাওয়ার কারণ আমার কাছে স্পষ্ট নয়।’অভিযোগে নাম না থাকার পরও সিরাজ ও মাঈন উদ্দিনকে গ্রেপ্তার প্রসঙ্গে সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ রোমন বলেন, মারধরের ঘটনার সময় আঘাত পেয়ে ইব্রাহীম মারা যান। ঠিক কার আঘাতে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করার জন্যই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।