সাভারে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
ঢাকার সাভারে ছয় মাস আগে একটি শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে।সাভার থানার পুলিশ ও ধর্ষণের শিকার শিশুটির পারিবারিক সূত্রের ভাষ্যমতে, গত ১০ জুলাই রাতে শিশুটির অসুস্থ বাবাকে নিয়ে তার মা ও বড় ভাই রাজধানীর ন্যাশনাল হাসপাতালে যান। ছোট দুই বোন আর এক ভাইকে নিয়ে শিশুটি বাড়িতে থেকে যায়। এই সুযোগে প্রতিবেশী আবদুল গফুর (৫০) ১০ জুলাই গভীর রাতে ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ করলে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেয় গফুর। এ কারণে ওই শিশু ঘটনাটি চেপে যায়।শিশুটির মা জানান, তাঁদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়। দরিদ্রতার কারণে বছর সাতেক আগে তাঁরা সাভারের একটি বাড়িতে আশ্রয় নেন। গত ১০ জুলাই তাঁর অসুস্থ স্বামীকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাস খানেক আগে তিনি মারা যান। এত দিন স্বামীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে ঠিকমতো সন্তানদের খোঁজখবর রাখা সম্ভব হয়নি। তিনি বলেন, সম্প্রতি মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়ভাবে পরীক্ষা করে মেয়ের গর্ভবতী হয়ে পড়ার বিষয়টি তাঁরা নিশ্চিত হন। এরপর তাঁর মেয়ে সব খুলে বললে তিনি সাভার থানায় মামলা করেন।সাভার থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুর রহমান বলেন, ‘শিশুটিকে একা পেয়ে গফুর তাকে ধর্ষণ করেন। কিন্তু প্রাণের ভয়ে শিশুটি তা গোপন রাখে।’ তিনি জানান, মামলার পর পুলিশের হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।