সাভারে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
ঢাকার সাভার পৌর এলাকার একটি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক (৩৩) গত বুধবার এক ছাত্রকে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।গত এক মাসে ওই বিদ্যালয়ের অন্তত চার ছাত্র ওই শিক্ষকের নিপীড়নের শিকার হন বলে জানা গেছে। একই অভিযোগে এর আগে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। যৌন নিপীড়নের শিকার ওই ছাত্র ও তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, ওই শিক্ষক বুধবার দুপুরে ছাত্রটিকে নিজ বাসভবনে ডেকে নিয়ে নিপীড়ন চালান।নাম প্রকাশ না করার শর্তে, ভুক্তভোগী অন্যান্য ছাত্র ও তাদের পারিবারিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, ওই শিক্ষক নানা কৌশলে কিছু ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এবং সময়-সুযোগ বুঝে তাদের ওপর নিপীড়ন চালান। ওই শিক্ষকের নিপীড়নের শিকার ছাত্ররা লোকলজ্জার ভয়ে এ তথ্য প্রকাশ করা থেকে বেশির ভাগ সময় বিরত থাকে। এ ছাড়া তথ্য প্রকাশ করে দিলে পরীক্ষায় ওই ছাত্রকে ফেল করিয়ে দেওয়া হবে বলেও শাসাতেন ওই শিক্ষক।নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক শিক্ষক জানিয়েছেন, ওই শিক্ষক স্থানীয় নয়াবাড়ি গ্রামের বাসিন্দা। প্রায় সাত বছর আগে ওই স্কুলে যোগ দেন। তাঁর বিরুদ্ধে ছাত্র নিপীড়নের অভিযোগ দীর্ঘদিনের। ২০০৮ সালে একই অভিযোগে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এক বছর আগে তিনি বিয়ে করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তখন ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয়ভাবে আপসরফা হওয়ায় ১৬ দিন পর বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হয়। প্রধান শিক্ষক বলেন, সাম্প্রতিক সময়ের নিপীড়নের ঘটনাগুলো তাঁর জানা ছিল না।একাধিক ছাত্রকে যৌন নিপীড়নের কথা গতকাল প্রথম আলোর কাছে স্বীকার করেছেন এই শিক্ষক। এসব ঘটনা জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।