সাভারে এক শিশুকে ধর্ষণ, আরেক শিশুকে ধর্ষণচেষ্টা
ঢাকার সাভার পৌরসভায় এক মেয়েশিশুকে এক মাসের মধ্যে দুই দফায় ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। অন্য ঘটনায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।দুটি ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে। ধর্ষণের চেষ্টার অভিযোগে সবুজ (১৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবুজ গতকাল ঢাকার বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছেন।ধর্ষণের শিকার শিশুটির পরিবার ও সাভার থানার পুলিশ জানায়, সাভারের নামাগেন্ডা এলাকার সোলায়মান (২২) গত বছর তৃতীয় শ্রেণী পড়ুয়া এক মেয়েকে (১৪) বিয়ের প্রস্তাব দেন। ছেলেটি বখাটে হওয়ায় মেয়েটির দিনমজুর বাবা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর পর থেকে সোলায়মান মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে মেয়েটির পড়ালেখা বন্ধ করে দেন তার বাবা। মামলার এজাহার অনুযায়ী, মাস খানেক আগে মেয়েটি গেন্ডা এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গেলে সোলায়মান তাকে ধরে নিয়ে ধর্ষণ করেন। লজ্জা ও ভয়ে বিষয়টি চেপে যায় মেয়েটি। এরপর ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটার দিকে মেয়েটি রান্না করতে ঘর থেকে বের হলে সোলায়মান তাকে ধরে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করেন। এর পরও বিষয়টি চেপে যায় মেয়েটি। কিন্তু ধীরে ধীরে মাসনিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকে সে। তার অবস্থা দেখে কারণ জানতে চাইলে বাবার কাছে সব খুলে বলে মেয়েটি।মেয়েটির বাবা বলেন, বখাটে সোলায়মান বিয়ে করতে না পারার আক্রোশে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। কিন্তু মেয়েটি ভয়ে ও লজ্জায় বিষয়টি গোপন করে।সাভার থানার পুলিশ জানায়, গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সাভারের ইমান্দিপুর চৌরাস্তা এলাকার সবুজ ছয় বছরের এক মেয়েকে লজেন্স খাওয়ানোর কথা বলে নিজেদের বাড়িতে নিয়ে যান। সবুজ ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার দেয়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে সবুজ পালিয়ে যান। ওই শিশুটির মা বলেন, বছর পাঁচেক আগে তাঁর স্বামী মারা যান। এর পর থেকে তিনি নির্মাণশ্রমিকের কাজ করেন। সোমবার বিকেলে বাসায় ফিরে মেয়েকে কান্নাকাটি করতে দেখে কারণ জানতে চান। এ সময় প্রতিবেশীরা তাঁর কাছে ঘটনা খুলে বললে তিনি মেয়েকে নিয়ে সাভার থানায় যান এবং মামলা করেন। রাতেই পুলিশ সবুজকে গ্রেপ্তার করে।পুলিশি হেফাজতে থাকা অবস্থায় সবুজ প্রথম আলোর কাছে শিশুটিকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছেন।দুটি মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল ও এসআই সাজ্জাদ রোমন বলেন, দুটি শিশুই ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। গতকাল দুজনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে ধর্ষণের শিকার শিশুকে তার বাবার জিম্মায় ও ধর্ষণের চেষ্টার শিকার শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।