সাভারে একজনকে মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের মধ্য রাজাসন থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিককে আটক করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-২) সদস্যরা। ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলাও করেছে র্যা ব।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মধ্য রাজাসনের বাবুল হোসেন (৩০)। তিনি স্থানীয় বৈশাখী সমবায় সমিতির মালিক। পাশাপাশি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাগুলি গ্রামের হাবিবুর বাশার শেখ (২২) নামের আরেকজনকে ওই মামলার আসামি করা হয়। বাবুলের পরিবার বলছে, বাড়ি থেকে ডেকে নিয়ে মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
র্যা ব-২-এর পরিদর্শক পুলক চাকমা গত শনিবার সাভার মডেল থানায় মামলাটি করেন। তিনি অভিযানেও নেতৃত্ব দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, র্যা ব-২-এর একটি দল শুক্রবার রাত সোয়া আটটার দিকে রাজাসন বাজার থেকে ৫০ গজ দূরে একটি বাঁশঝাড়ের ভেতরে ছয়জন কুখ্যাত সশস্ত্র ডাকাতের অবস্থানের খবর পায়। র্যা বের দলটি তখন রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কে কর্তব্যরত ছিল। রাত সোয়া নয়টার দিকে ওই বাঁশঝাড়ে অভিযান চালিয়ে বাবুল ও হাবিবুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ছোরা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কিংশু সমবায় সমিতির নিরাপত্তার দায়িত্ব পালনকারী আনসারের সদস্য মাসুম বিল্লা ও শামীম খন্দকার বলেন, শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁরা একজন সশস্ত্র র্যা ব সদস্যকে এক তরুণকে ধাওয়া করতে দেখেন। এর কয়েক মিনিট পর তাঁদের প্রতিষ্ঠানের সামনে বাবুলসহ দুই ব্যক্তিকে হাতকড়া পরা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় র্যা বের কয়েকজন সদস্য তাঁদের ঘিরে রাখেন। রাত আটটার দিকে র্যা বের দুটি গাড়ি এসে তাঁদের নিয়ে যায়।
বাবুলের মা সেলিনা বেগম বলেন, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এক নারী বাসা থেকে তাঁর ছেলেকে ডেকে নিয়ে যান। এর কিছু সময় পর তিনি জানতে পারেন, তাঁর ছেলেকে র্যা ব ধরে নিয়ে গেছে। তিনি বলেন, রাজাসন এলাকায় তাঁদের চার বিঘা জমি আছে, যার দাম প্রায় ছয় কোটি টাকা। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ৬০ লাখ টাকায় ওই জমি তাঁদের কাছে বিক্রি করার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। অপারগতা প্রকাশ করায় তাঁদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এর আগেও পুলিশ দিয়ে তাঁর ছেলেকে হয়রানি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, বাবুল হোসেনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আছে বা তিনি অস্ত্র রাখেন—এ ধরনের কথা তাঁরা কখনো শোনেননি।
সাভার মডেল থানার এসআই আবদুস সালাম বলেন, র্যা বের অভিযানের খবর পেয়ে তিনি শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে যান। কিন্তু এর আগেই র্যা ব বাবুল ও হাবিবুরকে আটক করে নিয়ে যায়। পরে তাঁদের সাভার মডেল থানায় সোপর্দ করা হয়।
র্যা ব-২-এর পরিদর্শক পুলক চাকমার মুঠোফোনে গতকাল রোববার একাধিকবার কল দিলেও তিনি ধরেনি। যোগাযোগ করলে র্যা ব-২-এর দায়িত্বশীল অন্য কর্মকর্তারাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে র্যা ব-৪-এর সাভার ক্যাম্পের অধিনায়ক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা রাজাসন এলাকায় কোনো অভিযান চালাইনি। অন্য কোনো কোম্পানি অভিযান চালিয়ে থাকতে পারে, সেটা আমাদের জানা নেই।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, র্যা বের অভিযোগ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাবুলের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই বলেও জানান তিনি।