সাভারে এবার বিএনপির বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক বিভাজক আগের মতোই রয়েছে। প্ল্যাকার্ডের আকৃতিরও খুব একটা হেরফের হয়নি। শুধু প্ল্যাকার্ডে থাকা ছবি ও লেখা পাল্টে গেছে। সাভার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের বিভাজকে অবৈধভাবে টাঙানো প্ল্যাকার্ড ও ফেস্টুন চার বছর ধরে একচেটিয়া দখলে ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। সরকারের মেয়াদের শেষের দিকে এখন তার দখল নিয়েছে বিএনপি। ওপরের ছবিটি গত মার্চ মাসের। নিচের ছবিটি এ মাসের।      দুটি ছবিই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। অরূপ রায়
সড়ক বিভাজক আগের মতোই রয়েছে। প্ল্যাকার্ডের আকৃতিরও খুব একটা হেরফের হয়নি। শুধু প্ল্যাকার্ডে থাকা ছবি ও লেখা পাল্টে গেছে। সাভার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের বিভাজকে অবৈধভাবে টাঙানো প্ল্যাকার্ড ও ফেস্টুন চার বছর ধরে একচেটিয়া দখলে ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। সরকারের মেয়াদের শেষের দিকে এখন তার দখল নিয়েছে বিএনপি। ওপরের ছবিটি গত মার্চ মাসের। নিচের ছবিটি এ মাসের। দুটি ছবিই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। অরূপ রায়

রাজধানীর উপকণ্ঠ সাভারের পাড়া-মহল্লা ও মহাসড়ক থেকে আওয়ামী লীগের ফেস্টুন আর বিলবোর্ড হঠাত্ করেই উধাও হয়ে গেছে। এসব এখন আর দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের ফেস্টুন আর বিলবোর্ডের স্থান দখল করে নিয়েছে বিএনপির ফেস্টুন আর বিলবোর্ড।
স্থানীয় লোকজনের ভাষ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাভারের পাড়া-মহল্লা ও মহাসড়ক ডিজিটাল ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে যায়। ঢাকা-১৯ আসনের (সাভার) সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের হাস্যোজ্জ্বল ছবির সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি ছিল এসব ফেস্টুন ও বিলবোর্ডে। গত সাড়ে চার বছরে এসব ফেস্টুন ও বিলবোর্ডের সংখ্যা কখনো বেড়েছে, আবার কখনো কমেছে। কিন্তু বিএনপির কোনো ফেস্টুন আর বিলবোর্ড এ সময় দেখা যায়নি। বিএনপির পক্ষ থেকে কোনো ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করা হলেও তা ছিঁড়ে ফেলা হতো।
স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ জাতীয় কোনো দিবস সামনে রেখে সাংসদ, দলীয় প্রধানসহ জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্যই মহাসড়কসহ সাভারের পাড়া-মহল্লায় এসব ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করা হতো। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা এসব ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করতেন। কিন্তু গত এপ্রিল মাসের শেষের দিকে রানা প্লাজা ভবনধসের পর ভবনমালিক সোহেল রানার সঙ্গে সখ্য নিয়ে সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ চাপের মুখে পড়ায় নেতারা ফেস্টুন আর বিলবোর্ড স্থাপনে আগ্রহ হারিয়ে ফেলেন। শুধু তা-ই নয়, পাড়া-মহল্লা ও মহাসড়কে যেসব ফেস্টুন ও বিলবোর্ড ছিল, সেগুলো অপসারণ করা হয়।

সাভার এলাকায় গত চার বছর ধরে এমন বিলবোর্ড ছিল যত্রতত্র। আওয়ামী লীগের ওই বিলবোর্ডের স্থান এখন দখল করেছে বিএনপি। ওপরের ছবিটি গত মার্চের। আর নিচেরটি এ মাসে তোলা। ছবি: অরূপ রায়, সাভার
সাভার এলাকায় গত চার বছর ধরে এমন বিলবোর্ড ছিল যত্রতত্র। আওয়ামী লীগের ওই বিলবোর্ডের স্থান এখন দখল করেছে বিএনপি। ওপরের ছবিটি গত মার্চের। আর নিচেরটি এ মাসে তোলা। ছবি: অরূপ রায়, সাভার

সরজমিনে দেখা গেছে, আওয়ামী লীগের ফেস্টুন আর বিলবোর্ড অপসারণের পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করছেন। এখন সাভারের পাড়া-মহল্লাসহ মহাসড়ক ছেয়ে যাচ্ছে বিএনপির ফেস্টুন আর বিলবোর্ডে। এসব ফেস্টুন আর বিলবোর্ডে বিএনপিদলীয় সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের ছবির সঙ্গে থাকছে যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি।
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান বলেন, সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ যখন সক্রিয় ছিলেন, তখন তাঁকে সন্তুষ্ট করতে তাঁর অনুসারীরা এসব ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করতেন। অনেক সময় সাংসদ তাঁদের বাধ্য করতেন এসব স্থাপনে। তখন বিএনপিসহ আওয়ামী লীগের কোনো নেতা সাংসদের ছবি ছাড়া বিলবোর্ড স্থাপন করলে তা ছিঁড়ে ফেলা হতো। কিন্তু রানা প্লাজা ভবনধসের পর চাপের মুখে পড়ে সাংসদ এখন অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। দলে তাঁর অবস্থানও বেশ নড়বড়ে। তাঁর অনুসারীরাও এসব বুঝতে পেরে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এ কারণে সাভারে আওয়ামী লীগের ফেস্টুন আর বিলবোর্ড দেখা যাচ্ছে না। আর খালি মাঠ পেয়ে বিএনপি তা দখল করে নিচ্ছে।
সদ্যবিলুপ্ত সাভার ছাত্রলীগের একজন যুগ্ম আহ্বায়ক বলেন, ‘সাংসদকে খুশি করতেই তিনি পাড়া-মহল্লাসহ মহাসড়কে বিলবোর্ড ও ফেস্টুন স্থাপন করতেন। এসব স্থাপনে সাংসদের চাপও ছিল। কিন্তু দলে তাঁর অবস্থা নড়বড়ে হয়ে পড়ায় এখন আগ্রহ হারিয়ে ফেলেছি।’
এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্থানীয় সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আগামী নির্বাচনে সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের মনোনয়ন পাওয়া নিয়ে সংশয় দেখা দেওয়ায় তাঁর অনুসারীদের অনেকেই উত্সাহ হারিয়ে ফেলেছেন। এখন আর তাঁরা সাংসদের কথামতো কাজ করছেন না। আর এই সুযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা ফেস্টুন ও বিলবোর্ড স্থাপনে উত্সাহ পাচ্ছেন। তিনি বলেন, ‘আমি এসব বিলবোর্ড আর ফেস্টুন স্থাপনে উত্সাহ বোধ করি না। কারণ, এসব দিয়ে জনপ্রিয়তা প্রমাণ করা যায় না। তবে দলের অবস্থান বোঝানোর জন্য আমাদের এসব ফেস্টুন আর বিলবোর্ড স্থাপন করতে হচ্ছে।’