সাভারে এবার শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং নিহত শ্রমিকদের স্বজনেরা গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থান নেন ষ প্রথম আলো
সাভারে ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং নিহত শ্রমিকদের স্বজনেরা গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থান নেন ষ প্রথম আলো

বেতন-ভাতা ও ঈদের বোনাসসহ ক্ষতিপূরণের দাবিতে এবার অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন সাভারের ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং নিহত ব্যক্তিদের স্বজনেরা। পুলিশের হামলা এড়াতে গতকাল মঙ্গলবার বিকেল থেকে তাঁরা এই নতুন কৌশল বেছে নিয়েছেন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। দাবি আদায়ের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং নিহত ব্যক্তিদের স্বজনেরা গত রোববার ও সোমবার মিছিল বের করলে পুলিশ তাঁদের ওপর হামলা করে লাঠিপেটা করে। এতে অন্তত ৪৫ জন আহত হন। এ কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী গতকাল বেলা তিনটার দিকে লোকজন রানা প্লাজার সামনে জড়ো হলে পুলিশ বাধা দেয়। পরে তাঁরা অনশন কর্মসূচি প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। এর পরও পুলিশ কাঁটাতারের ঘেরের ভেতরে তাঁদের প্রবেশ করতে দেয়নি। পরে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক ও কাঁটাতারের বেড়ার মধ্যে অবস্থান নিয়ে বসে পড়েন। এই কর্মসূচিতে দুই শতাধিক লোক অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য তাঁবু ও আলোর ব্যবস্থা করা হয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে। নিখোঁজ শ্রমিক ইনি আক্তারের মা শামসুন্নাহার এবং আহত শাহাবুদ্দিনের স্ত্রী নাছিমা বেগম বলেন, রানা প্লাজার ভবনধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা তেমন কোনো আর্থিক সহায়তা পাননি। ঈদ সামনে রেখে প্রত্যেক পরিবারকে ন্যূনতম কোনো আর্থিক সহায়তার ব্যবস্থা করা হলেও আমরা উপকৃত হতাম। কিন্তু বারবার দাবি জানানোর পরেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।