সাভারে এসআইকে অপসারণের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জিল্লুর রহমানকে অপসারণের দাবিতে আজ সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: অরূপ রায়
সাভারে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জিল্লুর রহমানকে অপসারণের দাবিতে আজ সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: অরূপ রায়

সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমানকে অপসারণের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এই দাবিতে তাঁরা আজ মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। 

সাভারের একটি ইটভাটা থেকে গাঁজাসহ আটক দুই শ্রমিককে ছেড়ে দিতে গতকাল সোমবার এসআই জিল্লুরকে ফোন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান। আতিকুরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ওই দুই শ্রমিকের কাছে গাঁজা ছিল না। বিষয়টি নিয়ে এসআই জিল্লুর ও ছাত্রলীগের সভাপতির মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগ উঠেছে, কথা-কাটাকাটির একপর্যায়ে এসআই জিল্লুর ছাত্রলীগের নেতা আতিকুরকে হত্যার হুমকি দেন।
এই হুমকির প্রতিবাদে ওই পুলিশ কর্মকর্তাকে অপসারণের দাবিতে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে ঘটনার বর্ণনা দিয়ে আতিকুর রহমান ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমানের বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
আতিকুর রহমান বলেন, ইটভাটার মালিক মাজাহারুল ইসলাম তাঁর বন্ধু। সেই সুবাদে তিনি পুলিশের হাতে আটক ভাটার দুই শ্রমিককে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে এসআই জিল্লুর তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জিল্লুর তাঁকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে আজ তাঁরা মহাসড়ক অবরোধ করে ওই কর্মকর্তার প্রত্যাহার দাবি করেন। পরে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে জিল্লুরের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। পরে তিনি ঘটনার বর্ণনা দিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন।
তবে এসআই জিল্লুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ইটভাটায় গাঁজার ব্যবসা হয়—এমন তথ্যের ভিত্তিতে ভাটায় অভিযান চালিয়ে ২৬ পুরিয়া গাঁজাসহ দুই শ্রমিককে আটক করা হয়। ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তাঁদের ছাড়িয়ে নিতে তদবির করেন। এ নিয়ে আতিকের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হলেও তাঁকে হত্যার হুমকি দেননি বলে দাবি করেন তিনি।
যোগাযোগ করা হলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, এসআই জিল্লুরের বিরুদ্ধে এসব অভিযোগের কথা শুনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।