সাভারে ওয়ার্কশপে আগুন পুড়ে গেছে চারটি বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাবতলীর আমিন বাজারের পাশে একটি পেট্রোলপাম্পের পাশে পর পর কয়েকটি বাস আগুনে পুড়ে যায়। ছবিটি গতকাল বেলা সোয়া তিনটার দিকে তোলা l প্রথম আলো
গাবতলীর আমিন বাজারের পাশে একটি পেট্রোলপাম্পের পাশে পর পর কয়েকটি বাস আগুনে পুড়ে যায়। ছবিটি গতকাল বেলা সোয়া তিনটার দিকে তোলা l প্রথম আলো

সাভারের আমিনবাজারে একটি কারখানায় আগুনে চারটি বাস পুড়ে গেছে। গতকাল সোমবার এফএ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুন লাগার এ ঘটনা ঘটে। বাসগুলো সেখানে মেরামত করা হচ্ছিল।
ঝালাই (ওয়েল্ডিং) করার সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। কারখানাটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না।
সাভার মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আমিনবাজার অনলাই ফিলিং স্টেশন থেকে ২০ গজ দূরে এফএ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কমফোর্ট পরিবহনের দুটি, হানিফ পরিবহনের একটি ও একতা পরিবহনের একটি বাসের মেরামতকাজ চলছিল। এ ছাড়া ওই ওয়র্কশপে আরও ছয়টি বাসের কাঠামো নির্মাণের কাজ চলছিল। গতকাল বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা কমফোর্ট পরিবহনের একটি বাসের ছাদে ঝালাইয়ের কাজ করার সময় আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়লে ওই বাসের উভয় পাশের আরও তিনটি বাস পুড়ে যায়। খবর পেয়ে মিরপুর ও কল্যাণপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে বাস চারটি প্রায় পুড়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী কারখানার মালিক ফরিদ হোসেনের ভাই স্বপন বলেন, কমফোর্ট পরিবহনের বাসে আগুন ধরার পরপরই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে পাশের আরও তিনটি বাসে আগুন ধরে যায়। করখানায় আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না।