সাভারে কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট কবরস্থান থেকে গত বৃহস্পতিবার রাতে ১৮টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি কঙ্কালের পরিচয় পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ধারণা করা হচ্ছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য একটি চক্র কঙ্কালগুলো চুরি করতে পারে। নয়তো কেউ সরকারকে বিব্রত করার জন্য কঙ্কালগুলো চুরি করিয়ে কোনো এক সময় রানা প্লাজার ধ্বংসস্তূপে রেখে দিতে পারে। দুটি বিষয়ই মাথায় রেখে চুরির বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সাভার মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে ৩০০ গজ দূরে ফাঁকা জায়গায় রাজাঘাট কবরস্থান। শত বছরের পুরোনো এই কবরস্থানে শতাধিক কবর রয়েছে। সেখানে আশপাশের বিভিন্ন এলাকার অসংখ্য ব্যক্তির মরদেহ দাফন করা হয়েছে।

গতকাল সকালে এলাকার লোকজন দেখতে পান অনেকগুলো কবরের মাটি আলগা ও নরম। এমন ১৯টি কবর খুঁড়ে দেখতে পান ১৮টিতে কোনো মরদেহ নেই। একটিতে মরদেহের মুখমণ্ডল বেরিয়ে ছিল। বোঝা যায়, সেটি কঙ্কালে পরিণত না হওয়ায় চোরেরা নিয়ে যায়নি।

এদিকে কবর থেকে কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে রাজাঘাটসহ আশপাশের এলাকার কয়েক শ ব্যক্তি কবরস্থান এলাকায় জড়ো হন। অনেকে স্বজনদের কবর অক্ষত আছে কি না দেখে নেন। চুরি হওয়া ১৮টি কঙ্কালের মধ্যে চারটির পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা।

চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিচয় পাওয়া একটি কঙ্কালের স্বজন বলেন, ‘মরার পর কবরে যাইয়াও শান্তি নাই? কবর থিকাও লাশ চুরি হইয়া যায়?’ আরেক স্বজন বলেন, বছর খানেক আগে তাঁর শ্যালক (২৫) মারা গেলে তাঁকে ওই কবরস্থানে দাফন করা হয়। গতকাল এলাকাবাসীর কাছে খবর পেয়ে কবরস্থানে গিয়ে শ্যালকের কবর খোঁড়া অবস্থায় পান। কবরে কোনো লাশ বা কঙ্কাল ছিল না। পরে তিনি শূন্য কবরে মাটি দিয়ে ভরে দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস আলী বলেন, এলাকার বয়স্ক লোকজনসহ অনেক ব্যক্তি বিশ্ব ইজতেমায় থাকায় কবর দেখে চুরি হওয়া সব কঙ্কালের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।