সাভারে কলেজছাত্র অপহরণ মুক্তিপণ দাবি
ঢাকার সাভার উপজেলার রাজাসন থেকে গতকাল বুধবার সকালে মোবারক হোসেন (১৭) নামে এক কলেজছাত্র অপহূত হয়েছে। মোবারকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা দাবি করা হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে বন্ধুত্ব গড়ে একটি চক্র কৌশলে মোবারককে অপহরণ করেছে বলে স্বজনেরা অভিযোগ করেন। মোবারক রাজধানীর মোহাম্মদপুরের শ্যামপুর পলিটেকনিক কলেজের ছাত্র। বাবার নাম বাচ্চু মিয়া। বাড়ি সাভারের পূর্ব রাজাসনে। পারিবারিক সূত্র জানায়, একটি ছেলের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে মোবারকের বন্ধুত্ব হয়। ছেলেটি পড়ালেখার পাশাপাশি চাকরি করার পরামর্শ দেয় মোবারককে। সে চাকরি জোগাড় করে দেওয়ার আশ্বাসও দেয়। এই আশ্বাসে মোবারক তাকে বিশ্বাস করে গতকাল সকাল আটটার দিকে বাসা থেকে বের হয়। এর কয়েক ঘণ্টা পর মোবারকের মুঠোফোন থেকে তাকে অপহরণ করার কথা জানানো হয় পরিবারের সদস্যদের। তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। মুক্তিপণের টাকা জমা দিতে বলা হয় সাভার ব্র্যাক ব্যাংকের শাখায়। মোবারকের মা রীনা বেগম বলেন, দুপুরে ব্র্যাক ব্যাংকে টাকা জমা দিতে গেলে তারা আবার বিকাশের মাধ্যমে টাকা পঠানোর মরামর্শ দেয়। এরপর বিষয়টি তিনি সাভার থানাকে অবহিত করেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহূতকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।