সাভারে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে কামরুজ্জামান নামের এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কামরুজ্জামান আশুলিয়ার গাজিরচট নতুনপাড়া এলাকার খন্দকার হারুন-অর-রশিদের ছেলে। সে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

হারুন-অর-রশিদ বলেন, অসুস্থতার কারণে সোমবার তাঁর ছেলে কলেজে যায়নি। বেলা একটার দিকে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান আশুলিয়ার বুড়িরবাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যায়। পরে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বন্ধুদের নিয়ে সে স্থানীয় ব্যাংকে যায়। এরপর সে বাসায় ফেরেনি। বেলা সাড়ে তিনটার দিকে দুই বন্ধু তাঁর মুঠোফোনে ফোন করে বলে, তাঁর ছেলে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তিনি ওই হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ছেলে মারা যায়।

হারুন-অর-রশিদ বলেন, বিপিএটিসির সামনে তাঁর ছেলেকে কয়েকজন মিলে মারধর করে। সেখানে ওই দুই বন্ধুও ছিল। এরপর আহতাবস্থায় তাকে এনাম মেডিকেলে নেওয়া হয়। তার মাথা ও বাঁ হাতে গুরুতর জখমের চিহ্ন ছিল।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ বলেন, আগে থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে কামরুজ্জামানের বিরোধ ছিল। সোমবার বিপিএটিসির সামনে যাওয়ার পর ওই বন্ধুরা তাকে মারধর করে। এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় চলন্ত বাসের ধাক্কায় পড়ে গিয়ে সে মাথা ও হাতে আঘাত পায় বলে ঘটনার সময় উপস্থিত কয়েকজন তাঁকে জানিয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কামরুজ্জামানের মাথা ও বাঁ হাতে বড় ধরনের ক্ষত ছিল। কোনো ভোঁতা অস্ত্রের আঘাতে তার হাতের একটি রগও ছিঁড়ে যায়। এসব কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, ‘অভিযোগ পাইনি, পেলে মামলা নেওয়া হবে।’