সাভারে কাঁচাবাজার নেই, দুর্ভোগ

রাস্তায় কাদা। এর ওপর ছোট ছোট অস্থায়ী দোকানপাট। এই চিত্র ঢাকার সাভারের নামাবাজারের। ব্যবসায়ীরা জানালেন, বংশী নদীর ধারে গড়ে ওঠা এই বাজারে বিভিন্ন ধরনের অন্তত চার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান আছে। এই বাজারে নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় বাজারের ভেতরের বিভিন্ন রাস্তার ওপর কাঁচাবাজার বসে।
১৪ আগস্ট সরেজমিনে বাজারের মাছ ও মাংসপট্টির পাশের অন্তত তিনটি রাস্তার ওপর দেড় শতাধিক শাকসবজি এবং ফলের দোকান দেখা যায়। কাদার কারণে এসব রাস্তায় ক্রেতাদের হাঁটাচলার জন্য এক থেকে দেড় ফুট জায়গা রেখে দোকানপাট বসানো হয়েছে। এসব রাস্তার দুই পাশেই রয়েছে বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান।
নামাবাজারের ৪০ বছরের পুরোনো প্রতিষ্ঠান ‘সিঙ্গাইর ড্রাগ হাউসের’ সামনের রাস্তায় বসে সবজি বিক্রি করেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘প্রায় ৩৫ বছর ধরে রাস্তায় বসে দোকান করছি। এরপরও পৌরসভা বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো জায়গা পেলাম না।’
ড্রাগ হাউসের সামনে ও পাশে দুটি দোকান আছে ব্যবসায়ী দুলাল খানের। তিনি প্রায় ৪০ বছর ধরে রাস্তার ওপর সবজি বিক্রি করে আসছেন। দুলাল খান বলেন, বাজারে নির্দিষ্ট কোনো কাঁচাবাজার না থাকায় তাঁকে বাধ্য হয়ে রাস্তার ওপর বসতে হচ্ছে। এতে তাঁর ও ক্রেতাদের ভোগান্তির শিকার হতে হয়। তিনি বলেন, প্রতিটি দোকানের জন্য প্রতিদিন তাঁকে ৩০ টাকা করে চাঁদা দিতে হয়। এর মধ্যে ২০ টাকা পায় পৌরসভা। আর ১০ টাকা পান পরিচ্ছন্নতাকর্মীরা।
ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, সামান্য বৃষ্টি হলেই বাজারে পানি জমে যায়। নর্দমা না থাকায় দ্রুত পানি বের হয় না। তখন পানির মধ্যেই তাঁদের বেচাকেনা করতে হয়।
সিঙ্গাইর ড্রাগ হাউসের মালিক জসিম উদ্দিন বলেন, রাস্তার দোকানপাটের কারণে লোকজন হাঁটাচলা করতে পারেন না। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাঁর দোকানে আসতে পারেন না।
সাভার পৌরসভার বাসিন্দা ব্যবসায়ী রঞ্জিত সাহা বলেন, নামাবাজারে ২০ বছরেরও বেশি সময় তিনি ওষুধের ব্যবসা করেছেন। দোকানের সামনের রাস্তায় সবজির দোকান বসায় তিনি কয়েক বছর আগে ওই দোকান ছেড়ে দিয়েছেন।
সাভার নামাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কয়েকজন কর্মকর্তা বলেন, এই বাজারের পাশে বংশী নদীর তীরে কয়েক শ একর খাসজমি আছে। ওই সব জমি দখল হয়ে যাচ্ছে। ওই দখলদারদের উচ্ছেদ করে সেখানে স্থায়ী কাঁচাবাজার করে দেওয়া হলে ক্রেতা-বিক্রেতা সবার ভোগান্তির অবসান ঘটবে।
ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সাভার পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম মোল্লা বলেন, জায়গার অভাবে যুগের পর যুগ ধরে রাস্তার ওপর কাঁচাবাজার বসছে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়েরই সমস্যা হচ্ছে। এসব সমস্যার কথা চিন্তা করে নির্দিষ্ট স্থানে কাঁচাবাজার স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না।
সাভার পৌরসভার মেয়র আবদুল গনি বলেন, সাভারের নামাবাজারের উন্নয়নের জন্য কুয়েত সরকারের কাছ থেকে খুব শিগগির বড় ধরনের অনুদান পাওয়া যাবে। ওই অনুদানে বহুতল একটি ভবন নির্মাণ করা হবে। যেখানে কাঁচামাল ও মাছের বাজারসহ অন্যান্য বাজার বসানো হবে।
যোগাযোগ করা হলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান বলেন, ‘আমি কয়েক দিন হয় উপজেলার দায়িত্ব নিয়েছি। আগে সরেজমিনে দেখি; তারপর দেখা যাক, কত দূর কী করতে পারি।’