সাভারে কাপড় তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের একটি কাপড় তৈরির কারখানায় গতকাল বৃহস্পতিবার রাতে আগুন লাগে। আগুনের তাপে কারখানার দোতলা ভবনের সামনের কাচ ভেঙে অন্তত ১০ জন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মজিদপুর এলাকায় পাকিজা নিট কম্পোজিট লিমিটেডের কারখানার পেছনের দিকে একই প্রতিষ্ঠানের রাসায়নিকের গুদামে রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মধ্যেই কাপড়ের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে রাসায়নিক পদার্থসহ কাপড় পুড়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুন লাগার পরপরই শ্রমিকেরা কারখানায় এসে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় আগুনের তাপে কারখানা ভবনের কাচ ভেঙে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।
মজিদপুর এলাকার আবুল বাশারসহ আরও কয়েকজন বলেন, হঠাৎ তাঁরা কারখানার পেছন থেকে ধোঁয়া বের হতে দেখেন। এর পরপরই আগুন জ্বলে ওঠে।
কথা বলার জন্য কারখানার মালিক বা কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুন মাহমুদ কথা বলতে চাননি।