সাভারে কারখানায় আগুন, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারে একটি কাপড়ের কারখানায় বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তাপে কাচ ভেঙে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মজিদপুর এলাকায় পাকিজা নিট কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে। রাত রাত সাড়ে আটটার দিকে কারখানার পেছনের অংশে রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মধ্যেই তা পাশের কাপড়ের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে রাসায়নিক পদার্থসহ কাপড় পুড়ে গেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। রাত সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত কারখানায় আগুন জ্বলছিল।

আগুন লাগার পরপরই খবর পেয়ে কারখানার শ্রমিকেরা সেখানে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় আগুনের তাপে কারখানার কাচ ভেঙে পড়ে অন্তত ১০ জন আহত হন।

মজিদপুর এলাকার বাসিন্দা আবুল বাশারসহ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ কারখানার পেছনে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আকাশের দিকে ধেয়ে উঠে।

এ বিষয়ে কথা বলার জন্য কারখানার মালিক বা কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুন মাহমুদ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কথা বলতে চাননি।

তবে আগুন লাগার খবর নিশ্চিত করে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে রাসায়নিক ও কাপড় পুড়ে গেছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।