সাভারে কারখানার মালিককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জুবায়ের ক্যাপ ফ্যাক্টরির মালিক গোলাম আজমকে (৩৫) গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল শনিবার রাতে কারখানার ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ কারখানার অপর মালিক মোস্তফা কামালকে (৩৮) আটক করেছে।
নিহত গোলাম আজম সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার চিনাধুকুরিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। নিহতের ভাই আহাম্মেদ শরীফ বলেন, তাঁর ভাই আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় থেকে বছর চারেক আগে ওই এলাকার একটি চারতলা ভবনের চারতলার ফ্লোর ভাড়া নিয়ে টুপি তৈরির কারখানা দেন। বছর দুয়েক আগে ওই ব্যবসার অংশীদার হন মোস্তফা কামাল। মোস্তফা কামালের সঙ্গে তাঁর ভাইয়ের কোনো বিরোধ ছিল কি না জানতে চাইলে এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই বলে জানান।
আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোস্তফা কামাল চারতলার পাইপ বেয়ে নিচে নামেন। লোকজন তাঁকে নামতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি কারখানার ভেতরে তাঁর ব্যবসায়িক অংশীদার গোলাম আজমকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে বলে জানান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ রাত নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশি হেফাজতে থাকা মোস্তফা কামাল বলেন, যন্ত্র কিনে কারখানার কলেবর বাড়ানোর জন্য কয়েক দিন ধরে কারখানাটি বন্ধ রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় তাঁরা কারখানায় গিয়ে এসব নিয়ে পরিকল্পনা করছিলেন। এ সময় মুখোশপরা তিন যুবক কারখানায় ঢুকে প্রথমে গোলাম আজমের মাথায় আঘাত করেন। এরপর যুবকদের একজন তাঁকে ধরে রাখেন এবং অপর দুজন তাঁর সামনেই গোলাম আজমকে জবাই করে পালিয়ে যান। এ সময় তিনি ভয়ে কারখানার চারতলা থেকে নিচে লাফিয়ে পড়ে স্থানীয়দের ঘটনাটি জানান।
মালিকানা নিয়ে তাঁদের মধ্যে কোনো বিরোধ আছে কি না জানতে চাইলে মোস্তফা কামাল অস্বীকার করে বলেন, একটি মহল ডেন্ডাবর থেকে কারখানাটি সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তারা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘কারখানাটিতে অর্ধশত শ্রমিক কাজ করতেন। গতকাল কারখানা বন্ধ ছিল। তবে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোলাম আজম ও মোস্তফা কামাল একসঙ্গে কারখানায় যান। ঘণ্টা খানেক পরে মোস্তফা কামাল কারখানার পেছনের পাইপ বেয়ে কিছুদূর নামার পর লাফিয়ে নিচে পড়েন। স্থানীয়রা এটা দেখে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গোলাম আজম খুন হওয়ার কথা জানতে পেরে আমাদের জানান।’
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কারখানাটি ভেতর থেকে তালাবন্ধ পাওয়া যায়। তালা ভেঙে ভেতরে ঢুকে মেঝের ওপর গোলাম আজমের জবাই করা লাশ পাওয়া যায়। এ সময় স্থানীয়রা মোস্তফা কামালকে পুলিশে সোপর্দ করেন। তাঁর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাহেদাপুর গ্রামে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আজিম বলেন, ‘আটক মোস্তফা কামাল অক্ষত রয়েছেন। চারতলা থেকে লাফিয়ে পড়লে তাঁর অক্ষত থাকার কথা নয়। এ ছাড়া তাঁর কথাবার্তায়ও অনেক অসংগতি রয়েছে। এসব কারণে আমাদের ধারণা, ব্যবসায়িক কারণে মোস্তফা কামালই তাঁকে হত্যা করে থাকতে পারেন।’
সাইফুল আজিম আরও বলেন, রাতে কোনো এক সময় নিহতের পরিবারের কাছ থেকে মামলা নেওয়া হবে। এরপর মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য বের করার চেষ্টা করা হবে।