সাভারে কারখানায় অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার সুতা ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার কর্ণপাড়া এলাকায় গতকাল সোমবার ওফাজ উদ্দিন স্পিনিং মিল নামের একটি সুতার কারখানায় আগুন লেগে আনুমানিক ২০ লাখ টাকার তুলা ও সুতা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সাভার ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে কারখানার দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। কর্মরত শ্রমিকেরা হঠাৎ করে ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। এ সময় অন্যান্য তলার শ্রমিকেরা দ্বিতীয় তলায় গিয়ে আগুন নেভানোর কাজে হাত দেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে খবর দেওয়া হয় সাভার ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে দ্বিতীয় তলা থেকে আগুন তৃতীয় তলায় ছড়িয়ে পড়লে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। খবর পেয়ে ডিইপিজেড এলাকা থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর পাঁচটি ইউনিট একসঙ্গে কাজ করে দুই ঘণ্টা চেষ্টা করে বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।কারখানার উৎপাদন ব্যবস্থাপক আবদুল গাফ্ফার বলেন, আগুনে তাঁদের বিপুল পরিমাণ তুলা ও সুতা পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয়। দ্বিতীয় তলায় তুলা প্রক্রিয়াজাত করা হয়। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, আগুনে কারখানাটির অন্তত ২০ লাখ টাকার তুলা ও সুতা পুড়ে গেছে।