সাভারে খাবারের দোকান ও পারলারকে জরিমানা
ঢাকার সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তিনটি খাবারের দোকান ও একটি বিউটি পারলারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন। সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসের বেগ এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকাল শনিবার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা ছিল। সাধারণ সভা উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের জন্য খাবার পরিবেশনের দায়িত্ব দেওয়া হয় ‘ইয়াম্মি ইয়াম্মি’ সাভার শাখাকে। পল্লী বিদ্যুতের চাহিদা অনুযায়ী দুপুর ১২টার দিকে ৯০০ খাবারের প্যাকেট সরবরাহ করা হয়। বেলা ১টার দিকে অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়। ততক্ষণে অনেক প্যাকেটের খাবার থেকে গন্ধ বের হতে থাকে। অতিথিদের অনেকেই বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানান।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, অল্পসংখ্যক অতিথিকে ওই খাবারের প্যাকেট সরবরাহের পর খাবার থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি তিনি জানতে পারেন। পরে আর কাউকে খাবার দেওয়া হয়নি।
বিষয়টি জানতে পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালান। আদালত সূত্রে জানা গেছে, সাভার থানা রোড এলাকায় ইয়াম্মি ইয়াম্মিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে বিক্রয় প্রতিনিধিকে তিন মাসের জেল দেওয়া হয়। তাৎক্ষণিক টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় সোলায়মান নামে এক বিক্রয় প্রতিনিধিকে আটক করা হয়। আজ রোববার সকালের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে না পারলে তাঁকে জেলে যেতে হবে।
এরপর ভ্রাম্যমাণ আদালত থানা রোডের লন্ডনাস নামের একটি রেস্টুরেন্টকে ২৫ হাজার, লংকা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। পরে ভেজাল প্রসাধনী ব্যবহার করায় কালার বিউটি পারলারকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠান থেকে জরিমানার টাকা আদায় করা হয়।
ইউএনও আবু নাসের বেগ বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি ও নষ্ট খাবার পরিবেশন আর ভেজাল প্রসাধনী ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।