সাভারে খাল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
ঢাকার অদূরে সাভারের কর্ণপাড়া খাল থেকে পুলিশ আজ শনিবার দুপুরে আতাউর রহমান (১৬) নামের এক স্কুলছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিল।
আতাউর সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লার আবুল হোসেনের ছেলে ও স্থানীয় অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আতাউরের স্বজনদের দাবি, খেলার কথা বলে কয়েক কিশোর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।
পুলিশ ও নিহত ছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, ফুটবল খেলার কথা বলে গতকাল দুপুরে কাতলাপুর এলাকার জোড়াফ, তরিকুল, রাহাত ও মিলন নামের চার কিশোর আতাউরকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা কাতলাপুর খেয়াঘাট সংলগ্ন কর্ণপাড়া খালের অপর পারে সাভারের কালীনগর মাঠে ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শেষে অন্যরা বাসায় ফিরলেও আতাউর বাসায় ফেরেনি।
আজ দুপুর ১২টার দিকে খেয়াঘাটসংলগ্ন কর্ণপাড়া খালে তার লাশ ভাসতে দেখে লোকজন পরিবারের সদস্যদের অবহিত করেন। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
খেয়াঘাটের মাঝি শাহ আলম প্রথম আলোকে বলেন, খেলায় অংশগ্রহণের জন্য বেশ কিছু তরুণ ও কিশোর তাঁদের খেয়াতে পার হয়ে কালীনগর মাঠে যায়। খেলা শেষে তাঁদের অনেকে ওই খেয়াতেই পার হয়। আবার কেউ কেউ সাঁতরে পার হয়।
কালীনগরের স্থানীয় কয়েকজন জানান, আতাউরকে তাঁরা খেলায় অংশগ্রহণ করতে দেখেছেন। খেলা শেষে তাঁদের সবাইকেই ফিরে যেতে দেখেছেন। খেলা চলাকালে বা খেলার পরে কোনো গোলযোগ হয়নি। তাই আক্রোশের বশে আতাউরকে হত্যার কোনো কারণ আছে বলে তাঁরা মনে করেন না।
তবে নিহত আতাউরের চাচা ফারুক হোসেন বলেন, খেলার কথা বলে যারা তাঁর ভাতিজাকে বাসা থেকে ডেকে নিয়ে গেছে, তারাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, আতাউরের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা মুশকিল। এ ছাড়া তার পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগও পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।