সাভারে খালেদা জিয়ার গাড়িবহরে পুলিশি বাধা বিএনপির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে জাতীয় স্মৃতিসৌধের কাছে গতকাল শুক্রবার সকালে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে বাধা দিয়েছে পুলিশ। এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছিলেন। খবর ইউএনবির।বিএনপির নেতারা বলেছেন, নিরাপত্তার প্রশ্ন তুলে সকাল প্রায় সোয়া ছয়টার দিকে জাতীয় স্মৃতিসৌধ এলাকার কাছে খালেদা জিয়ার গাড়িবহর আটকে দেয় পুলিশ। এমনকি বিএনপির নেতাদের অনুরোধ উপেক্ষা করে খালেদা জিয়ার গাড়িকেও স্মৃতিসৌধের কাছাকাছি যেতে দেওয়া হয়নি। কয়েক মিনিট তর্কাতর্কির পর খালেদা জিয়ার গাড়িকে স্মৃতিসৌধের কাছে যেতে দেওয়া হয়।শেষ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাড়ে ছয়টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে সক্ষম হন। এ সময় স্বাধীনতাযুদ্ধে যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় প্রটোকল না দেওয়ার অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এটা নতুন কিছু নয়। চলতি বছরের একুশে ফেব্রুয়ারি রাতে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিরোধীদলীয় নেত্রী যখন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন, তখনো তাঁকে রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হয়নি।