সাভারে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের দেওগাঁও এলাকায় গত বুধবার ভোরে জনতার প্রহারে দুই ডাকাত নিহত হয়েছে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চারজন। নিহত ডাকাতেরা হলো শহীদ (৪০) ও সিদ্দিক (৪২)। শহীদ মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বেজোরঘাট গ্রামের বাসিন্দা। সিদ্দিকের ঠিকানা জানা যায়নি। সাভার থানার পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ৮-১০ জনের একদল ডাকাত দেওগাঁও গ্রামের শাহআলমের বাড়িতে হানা দিয়ে গ্রিলের তালা কেটে ভেতরে ঢোকে। শব্দ পেয়ে শাহআলমের ছেলে শাহরিয়ার ঘর থেকে বেড় হন। এ সময় ডাকাতেরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাঁর চিৎকারে একে একে বাড়ির লোকজন ঘর থেকে বেড় হলে ডাকাতেরা তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর ডাকাতেরা ঘরের ভেতর গিয়ে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ও টহল পুলিশ ডাকাতদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার ধাওয়া করে উকিলেরটেক এলাকা থেকে ভোর সোয়া চারটার দিকে জনতা ডাকাত শহীদ ও সিদ্দিককে আটক করে পিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই ডাকাত মারা যায়। বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সাভার থানা সূত্র জানায়, ডাকাতির ঘটনায় গৃহকর্তা শাহআলম বাদী হয়ে গতকাল সাভার থানায় একটি মামলা করেছেন। অপরদিকে, হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করে। শাহআলম জানান, ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ডাকাতেরা একে একে তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ডাকাতদের অস্ত্রের আঘাতে তাঁর ছেলে শাহরিয়ার, স্ত্রী সামিয়া বেগম ও মেয়ে সাহরিনা এবং তিনি নিজেও আহত হয়েছেন। গতকাল সকালে তাঁরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন। থানার উপপরিদর্শক (এসআই) হারেজ শিকদার বলেন, বিভিন্ন জেলার অপরাধীরা সাভারে এসে আস্তানা গেড়েছে। তারা ডাকাতিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। ঈদুল আজহা সামনে রেখে অপরাধীদের অপতৎপরতা কিছুটা বেড়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ডাকাতি ও জনতার পিটুনিতে দুই ডাকাত নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতি রোধে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। এরপর মাঝ্যেমধ্যে দুই-একটি ঘটনা ঘটছে।