ঢাকার সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় গতকাল বুধবার গণপিটুনিতে বাবু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি তালিকাভুক্ত ছিনতাইকারী। এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, ভোর পাঁচটার দিকে বাবুসহ পাঁচ দুর্বৃত্ত আড়াপাড়া মহল্লার কামাল গার্মেন্টস সড়কের আতাউর ইলেট্রনিকসের সামনে অবস্থান নিয়ে ছিনতাই করছিল। স্থানীয় মসজিদে ফজরের নামাজ শেষে বাসায় ফেরার পথে মুসল্লিরা এই দৃশ্য দেখে তাদের ধাওয়া দেন। এ সময় দুর্বৃত্তরা সুমন নামের এক যুবককে ছুরিকাঘাত করে। সুমনের চিৎকারে মুসল্লি ও আশপাশের লোকজন ছুটে গিয়ে ধাওয়া দিয়ে বাবুকে আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বাবু পৌর এলাকার ছায়াবীথি মহল্লার বাসিন্দা। বাবুর স্ত্রী জানান, তাঁর স্বামী একসময় ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। তবে জেল থেকে বের হয়ে তিনি এসব কাজ থেকে বিরত ছিলেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ জানান, বাবু পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। এ ঘটনায় কয়েক মাস জেল খেটে সম্প্রতি সে জামিনে মুক্ত হয়। প্রাথমিক তদন্তে তাকে গণপিটুনির বিষয়টি প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।