সাভারে গলা কেটে মেয়েকে হত্যা, বেঁচে গেছেন মা
ঢাকার অদূরে সাভারের পৌর এলাকার জামসিং মহল্লার একটি বাড়িতে আজ বৃহস্পতিবার আলপনা (১৮) নামের তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
আলপনার মা সুলেখা বেগমকে একইভাবে হত্যার চেষ্টা করা হলেও তিনি এখনো বেঁচে আছেন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠান।
ভোর ছয়টার দিকে তাঁরা এ ঘটনা জানতে পারেন।
একজন প্রতিবেশী জানান, সুলেখা ও তাঁর মেয়ে ১০-১২ বছর ধরে এ এলাকায় ভাড়া বাড়িতে থাকছেন। আজ ভোর ছয়টার দিকে সুলেখা গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় ঘর থেকে বের হয়ে প্রতিবেশী একজনকে ইশারা দেন। তিনি কাছে যেতেই সুলেখা তাঁর কাছে মুঠোফোনটি চান। প্রতিবেশীর মুঠোফোন নিয়ে একটি নম্বরে ফোন দিয়ে কথা বলার আগেই সুলেখা অচেতন হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তাঁর গলার কাপড় রক্তে ভেজা ছিল। ওই কাপড় সরিয়ে গলায় ক্ষত দেখতে পান ওই প্রতিবেশী। এরপর অন্য প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘরে আলপনার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।
আমাদের এই প্রতিবেদক ওই প্রতিবেশীর কাছ থেকে নিয়ে ওই নম্বরে ফোন দেন। এ সময় ওই ব্যক্তি নিজেকে সুলেখার ভাগনে (বোনের ছেলে) বলে পরিচয় দেন। তাঁর নাম রওশন আলম। তিনি জানান, সুলেখার স্বামীর নাম আলতাফ হোসেন। তাঁদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচদীঘল গ্রামে। আলতাফ হোসেন রাজশাহীর মুলাডুলিতে দ্বিতীয় বিয়ে করে সেখানেই বাস করেন। মাঝেমধ্যে সাভারে এসে থাকেন। আলপনা একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, তাঁরা এ ঘটনার কথা জানতে পেরেছেন। ঘটনাটি খতিয়ে দেখছেন।