ঢাকার সাভারের ভবানীপুর এলাকা থেকে পুলিশ গতকাল বুধবার ওয়াহিদা বেগম (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। গণধর্ষণের পর তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।ওয়াহিদা ভবানীপুর এলাকার লুদ্দুচানের মেয়ে। বছর দুয়েক আগে সাভারের সাধাপুর এলাকার মকবুল হোসেনের সঙ্গে বিয়ে হলেও স্বামীর সঙ্গে তাঁর বনিবনা ছিল না। তিনি ঢাকার কেরানীগঞ্জের একটি মেলামিন কারখানায় চাকরি করতেন।হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও সাভার থানার পুলিশের একাধিক দল গতকাল সকাল থেকেই কাজ করে চলেছে। সাভার থানার পুলিশ ও নিহতের বাবার বাড়ির পক্ষ থেকে জানানো হয়, স্বামী নেশাগ্রস্ত হওয়ার কারণে ওয়াহিদা বিয়ের কয়েক মাস পরই শ্বশুরবাড়ি থেকে চলে এসে কেরানীগঞ্জের একটি মেলামিন কারখানায় চাকরি নেন। থাকতেন কেরানীগঞ্জে তাঁর নানার বাড়ি। সেখান থেকে মাঝেমধ্যে বাড়িতে বেড়াতে আসতেন। আট দিন আগে ওয়াহিদা বাড়ি এসে চার দিন থাকার পর কেরানীগঞ্জ চলে যান। এর চার দিন পর গতকাল সকালে বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে মধ্য ধরেন্ডা এলাকার একটি নির্জন বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। সাভার থানার উপপরিদর্শক (এসআই) সজিবুর রহমানসহ স্থানীয়রা জানান, গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তাঁর পরনে জামা ও বোরকা ছিল। ওয়াহিদার বাবা লুদ্দুচান জানান, তাঁর মেয়ে চার দিন আগে কেরানীগঞ্জে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও তিনি যাননি। এমনকি কর্মস্থলেও অনুপস্থিত ছিলেন। গতকাল তাঁর লাশ পাওয়া যায়। লুদ্দুচান অভিযোগ করেন, প্রকৃত ঘটনা আড়াল করতেই তাঁর মেয়েকে হত্যার পর বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য লাশ ঝুলিয়ে রাখা হয়। সাভার থানার এসআই সাজ্জাদ রোমন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, দুর্বৃত্তরা ওয়াহিদাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল বিকেলে একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তিনি তাঁর নাম প্রকাশ করেননি।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মামলার আলামত সংগ্রহসহ হত্যারহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য সিআইডির পাশাপাশি সাভার থানার একাধিক দল কাজ করছে। মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। তরুণীর বাবা বাদী হয়ে মামলা করবেন।