সাভারে গাড়ি ছিনতাই ডিবির নায়েকসহ গ্রেপ্তার ২
সাভারে গত বৃহস্পতিবার রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা পরিচয়ে এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি ছিনতাই করা হয়েছে। পালানোর সময় ডিবির নায়েকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মহানগর ডিবির ৩ নম্বর টিমের নায়েক হেমায়েত উদ্দিন হাওলাদার (৪০) ও মাইক্রোবাসের চালক কবীর হোসেন (৩৬)। হেমায়েতের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার আনুয়া গ্রামে। কবীরের বাড়ি গাজীপুরের জয়দেবপুর থানার কলমেশ্বর গ্রামে। ছিনতাইয়ের কাজে ব্যবহার করা একটি মাইক্রোবাসও জব্দ করেছে পুলিশ। তবে ছিনতাই হওয়া গাড়িটি গতকাল শুক্রবার রাত নয়টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। সাভার মডেল থানা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আমিনুর রহমান বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত গাড়ি চালিয়ে রাজধানী থেকে সাভারে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি রাত একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় মধুমতি মডেল টাউনের সামনে পৌঁছান। সেখানে একটি মাইক্রোবাস দিয়ে তাঁর গাড়ির গতিরোধ করা হয়। এরপর মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে নিজেদের ডিবি পরিচয় দিয়ে তাঁর গাড়ির কাগজপত্র দেখতে চান। একপর্যায়ে তাঁরা আমিনুরকে গাড়ি থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে সাভারের দিকে যান। ছিনতাইকারী দলের অন্য একজন তাঁর গাড়িটি চালিয়ে নিয়ে যান। মাইক্রোবাসে তোলার পর আমিনুরের চির্যাকার শুনে সাভার মডেল থানার টহল পুলিশ জোরপোল এলাকায় মাইক্রোবাসটি থামিয়ে তাঁকে উদ্ধার করে এবং হেমায়েত ও কবীরকে থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, হেমায়েত পুলিশের পোশাক পরে ছিলেন। তিনি নায়েক পদে কর্মরত আছেন। গাড়ি ছিনতাইয়ের এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।