সাভারে গৃহপরিচারিকা নির্যাতনের শিকার
একমুঠো ভাতের জন্য মায়ের কোল ছেড়ে রাজধানীর উপকণ্ঠ সাভার এসে গৃহপরিচারিকার কাজ নিয়েছিল কুড়িগ্রামের অনাথ শিশু হাবিবা। সেই ভাতের জন্যই তাকে মুখ বুজে সহ্য করতে হয়েছে গৃহকর্ত্রীর অমানবিক নির্যাতন। কথায় কথায় গরম খুন্তির ছ্যাঁকা আর স্কেলের আঘাত করা হতো তাকে। প্রায় এক বছর ধরে এমন নির্যাতনের শিকার ওই মেয়েটি এক ব্যবসায়ীর মাধ্যমে সাভার থানাকে অবহিত করলে পুলিশ গত সোমবার তাকে উদ্ধার করে।এ সময় পুলিশ গৃহকর্ত্রী শারমিন আক্তার ও তাঁর স্বামী জাকির হোসাইনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহায়তায় থানায় মামলাও দায়ের করা হয় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। জানা যায়, হাবিবা কুড়িগ্রামের উলিপুর উপজেলার করপুরা গ্রামের হায়দার আলীর মেয়ে। তার বয়স যখন তিন বছর, তখন মারা যান বাবা হায়দার আলী। স্বামীর মৃত্যুর পর হাবিবাকে নিয়ে সংকটে পড়েন মা সাহিদা আক্তার। কষ্ট হলেও মেয়ের প্রবল ইচ্ছায় তাকে ভর্তি করে দেন স্কুলে। ২০১১ সালে সে স্থানীয় করপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। ওই বছরই প্রলোভন দেখিয়ে হাবিবাকে সাভার নিয়ে যাওয়ার প্রস্তাব দেন একই গ্রামের জাকির হোসেনের স্ত্রী শারমিন আক্তার। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সাহিদাও রাজি হয়ে যান। জাকির হোসাইন পেশায় পোশাকশ্রমিক আর তাঁর স্ত্রী শারমিন আক্তার একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। থাকতেন সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায়। হাবিবা জানায়, আড়াই বছরের শিশুপুত্র আরাফকে তার কাছে রেখে গৃহকর্তা জাকির হোসাইন ও তাঁর স্ত্রী শারমিন প্রতিদিন সকালে বাসা থেকে বের হতেন। আরাফ সারা দিন তার কাছেই থাকত। আরাফকে দেখাশোনার পাশাপাশি বাসার যাবতীয় কাপড়চোপড়, রান্নার সরঞ্জাম ও তৈজসপত্র ধোয়ামোছার কাজ তাকেই করতে হতো। এসব কাজ করার সময় সামান্য ত্রুটি হলেই গৃহকর্ত্রী শারমিন তাকে গরম খুন্তির ছ্যাঁকা দিতেন এবং স্কেল দিয়ে পিটাতেন আর চড়থাপড় মারতেন।পুলিশ হেফাজতে শারমিন জানান, হাবিবা তাঁর ছেলেকে মারপিট করত। চোখের সামনে মারতে দেখে তিনি হাবিবাকে মারপিট করতেন। কিন্তু গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার কথা তিনি অস্বীকার করেন।শারমিন অস্বীকার করলেও গতকাল পুলিশ হেফাজতে হাবিবা সাংবাদিকদের তার শরীরের বিভিন্ন স্থানে খুন্তির ছ্যাঁকাসহ নির্যাতনের চিহ্ন দেখিয়ে নির্যাতনের বর্ণনা দেয়। নির্যাতনের বর্ণনা দেওয়ার সময় কান্নাজড়িত কণ্ঠে হাবিবা জানায়, দিন দশেক আগে দুপুরে বাসায় ফিরে আরাফকে কান্না করতে দেখে শারমিন তাকে মারপিট করার একপর্যায়ে খুন্তি গরম করে তার বাঁ পা, হাত ও পিঠে ছ্যাঁকা দেন, যা এখনো স্পষ্ট হয়ে আছে। এর পর থেকে তাকে বাসা থেকে বের হতে দেওয়া হচ্ছিল না। গত শনিবার রাত নয়টার দিকে ঘর ঝাড়ু দিতে বিলম্ব হওয়ায় শারমিন তার মুখে প্রচণ্ড আঘাত করেন। আঘাতে তার একটি দাঁত পড়ে যায়।স্থানীয় মানিক স্টোরের মালিক ব্যবসায়ী বাবলু মিয়া জানান, হাবিবা তাঁর দোকান থেকে প্রতিদিনই মালামাল ক্রয় করত। কিন্তু দিন পনের হয় তাকে দেখা যাচ্ছিল না। গত রোববার হাবিবা তাঁর দোকানে গেলে কথোপকথনের একপর্যায়ে সে সব খুলে বলে এবং শরীরের ক্ষত চিহ্নগুলো দেখায়। সাভার থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হাবিবার মা সাহিদা আক্তার বাদী হয়ে গতকাল সাভার থানায় মামলা করেছেন। মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবারই আসামি শারমিন ও তাঁর স্বামী জাকির হোসাইনকে আদালতে সোপর্দ করা হয়।