সাভারে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারে শাবানা আক্তার (২২) নামের এক গৃহবধূকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে সাভার পৌরসভার একটি আবাসন প্রতিষ্ঠানের ফাঁকা প্লট থেকে তাঁর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ শাবানার স্বামী নাজমুল হোসেন, শ্বশুর রমজান আলী ও শাশুড়ি নাসিমা বেগমকে আটক করেছে।সাভার থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শাবানা নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাটকুণ্ডু গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। মাস দেড়েক আগে একই গ্রামের নাজমুলের (২৪) সঙ্গে তাঁর বিয়ে হয়। নাজমুল ও তাঁর বাবা পেশায় রিকশাচালক। থাকেন সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকার শম্ভুমিত্রের বাসায়। ওই বাসা থেকে ২০০ গজ দূরে অগ্রণী হাউজিংয়ের একটি ফাঁকা প্লট থেকে গতকাল সকালে শাবানার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়।পুলিশ হেফাজতে থাকা নাজমুল বলেন, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া সেরে তাঁর স্ত্রী ও মা ঘরের মেঝেতে ঘুমান। আর বাবার সঙ্গে তিনি ঘুমান চৌকিতে। ভোর পাঁচটার দিকে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে ঘরের বাইরে যান। দীর্ঘক্ষণেও শাবানা ঘরে না ঢোকায় তিনি ঘর থেকে বের হয়ে স্ত্রীকে খুঁজতে থাকেন। বাসা ও আশপাশে স্ত্রীকে না পেয়ে পরিবারের সবাই মিলে তাঁকে খুঁজতে বের হন। লাশের খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে অগ্রণী হাউজিংয়ে গেলে জনতা তাঁদের তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। শ্বশুর রমজান আলী দাবি করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের পরিবারের কেউ জড়িত নন। তবে শাশুড়ি নাসিমা বেগম বলেন, বিয়ের পর থেকে নাজমুল ও শাবানার দাম্পত্য জীবন সুখে কাটছিল না। মাঝেমধ্যেই তাঁদের ঝগড়া হতো।গতকাল সকালে বাড্ডা ভাটপাড়া এলাকায় গিয়ে চারপাশে উঁচু দেয়ালঘেরা একটি ফাঁকা জায়গায় শাবানার লাশ পড়ে থাকতে দেখা যায়। প্রায় পুরো শরীর ছিল অগ্নিদগ্ধ। পরনের সালোয়ার ও কামিজ পুড়ে শরীরের সঙ্গে লেগে ছিল। তবে প্লাস্টিকের জুতাসহ দুই পায়ের পাতা ছিল অক্ষত। কথা বলতে শম্ভুমিত্রের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের সব কক্ষে ছিল তালা। শাবানার বাবা ইসমাইল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শাবানার মর্মান্তিক মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, ওকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।’গতকাল সকাল নয়টার দিকে শাবানার লাশ দেখে সাভার থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘পরিকল্পিতভাবে অন্যত্র হত্যার পর লাশ হাউজিংয়ে এনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হতে পারে। এই হত্যাকাণ্ডের সঙ্গে গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারে।’এসআই মাসুদ জানান, নিহত গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।