সাভারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের রাজাশনে বিউটি বেগম (২০) নামের এক গৃহবধূকে গত মঙ্গলবার রাতে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।বিউটি মধ্য রাজাশনের শেখ সাদী সরকারের স্ত্রী এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিশকাটালি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। বছর দু-এক আগে তাঁদের বিয়ে হয়।সাভার থানার পুলিশ ও বিউটির বাবার বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ের কয়েক মাস পর থেকেই যৌতুকের জন্য বিউটির শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারপিট করতেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে যৌতুকের টাকা নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর বিষয়টিকে বিষপানে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য তাঁর মুখে কীটনাশক ঢেলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিউটির বাবা বাদী হয়ে গতকাল সাভার থানায় হত্যা মামলা করেছেন। মামলায় বিউটির স্বামী শেখ সাদী সরকারসহ চারজনকে আসামি করা হয়েছে।ঘটনার পর শেখ সাদী গা-ঢাকা দিলেও পুলিশ গতকাল মামলার অপর তিন আসামি শেখ সাদীর মা আসমা খাতুন (৬৫), ভাগনি নাজমুন্নাহার (২০) ও ভাগনে বায়েজিদকে গ্রেপ্তার করেছে।মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম জসিম উদ্দিন জানান, বিউটিকে শ্বাসরোধে হত্যার বিষয়ে প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেলেও কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।