সাভারে গ্যাসের অবৈধ সংযোগ নেওয়ার হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ নেওয়ার হিড়িক পড়ে গেছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্থানীয় ঠিকাদারেরা এসব অবৈধ সংযোগ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভারের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. জয়নাল আবেদিন বলেন, আবাসিক খাতে নতুন সংযোগ প্রদান এবং অবৈধ সংযোগ বৈধকরণের ঘোষণা দেওয়ার পরপরই সাভারে অবৈধ সংযোগ নেওয়ার হিড়িক পড়ে গেছে। কোনোভাবেই তা ঠেকানো সম্ভব হচ্ছে না। তিতাসের কর্মকর্তারা বাধা দিতে গেলে ঠিকাদারের লোকজনসহ এলাকার লোকজন তাঁদের লাঞ্ছিত করছে।তিতাস গ্যাস কার্যালয় সূত্র জানায়, গত ৩০ মে আশুলিয়ার কবীরপুর এলাকায় অবৈধভাবে ২০০ ফুট বিতরণ লাইন ও ৭০০ ফুট সার্ভিস লাইন স্থাপনের খবর পেয়ে তিতাস গ্যাসের সাভারের আঞ্চলিক বিপণন বিভাগের উপব্যবস্থাপক হাদী মোহাম্মদ আবদুর রহিম লোকজন নিয়ে সেখানে গিয়ে কাজে বাধা দেন। এ সময় তাঁরা ঠিকাদারের লোকজনের হামলার শিকার হন। পরে তাঁরা কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে আসতে বাধ্য হন। তিতাস গ্যাসের ঠিকাদার সাফায়েত হোসেন অবৈধভাবে ওই লাইন নির্মাণ করছিলেন। বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ তিন শ্রমিককে গ্রেপ্তার করে।এ ঘটনার দুই দিন পর তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান ঠিকাদার সাফায়েতের বিরুদ্ধে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।ঠিকাদার সাফায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি অবৈধ লাইন স্থাপনের সঙ্গে জড়িত নই।’খোঁজ নিয়ে জানা যায়, সাভার পৌর এলাকাসহ আশুলিয়ার কবীরপুর, জিরানি, ডেন্ডাবের, পলাশবাড়ী, কুড়গাঁও, জামগড়া, ভাদাইল এবং সাভারের হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, জয়নাবাড়ীসহ বিভিন্ন এলাকায় নতুন নতুন লাইন ও সংযোগের কাজ অব্যাহত রয়েছে। অভিযোগ উঠেছে, কাজের ধরন বুঝে ঠিকাদারেরা অবৈধ সংযোগ গ্রহণকারীদের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা করে আদায় করছেন।ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান বলেন, বাজার থেকে নিম্নমানের পাইপ কিনে একশ্রেণীর ঠিকাদার শত শত মিটার বিতরণ ও সার্ভিস লাইন স্থাপন করে অবৈধ সংযোগ দিয়ে যাচ্ছেন। পাইপ মানসম্মত না হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।