সাভারে গ্যাসের দাবিতে তিতাসের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল রোববার সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার ভুক্তভোগী কয়েক শ গ্রাহক। পাশাপাশি তাঁরা তিতাস কার্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন।
এসব কর্মসূচি শেষে ভুক্তভোগী গ্রাহকেরা তিতাস কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন। এ সময় তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করা না হলে সড়ক-মহাসড়ক অবরোধ করে সাভার অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
সকাল সাড়ে ১০টার দিকে জামগড়া এলাকার পাঁচ শতাধিক ভুক্তভোগী গ্রাহক বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মিছিল নিয়ে সাভারের শিমুলতলায় অবস্থিত তিতাসের কার্যালয়ে এসে ঘেরাও করে বিক্ষোভ করেন। তখন তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে গ্রাহকেরা ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন।
মানববন্ধন থেকে জামগড়ার মো. মোহসিন বলেন, পাঁচ মাসেরও বেশি সময় ধরে জামগড়া এলাকায় নিয়মিত গ্যাস থাকে না। ফলে এখানকার কমপক্ষে ১০ হাজার বৈধ গ্রাহক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ছাড়া জামগড়াসহ আশপাশের এলাকায় প্রতিনিয়ত অবৈধ সংযোগ বাড়ছে। এসব অবৈধ সংযোগ পেতে সহায়তা করছেন তিতাসের ঠিকাদার ও কর্মচারীরা।
একই এলাকার এ কে এম শহীদুল্লাহ বলেন, এই এলাকার অধিকাংশ লোকের সংসার চলে পোশাকশ্রমিকদের বাসাভাড়ার আয় থেকে। কিন্তু অব্যাহত গ্যাস-সংকটের কারণে শ্রমিকেরা বাসা ছেড়ে চলে যাচ্ছেন। মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু জাফর সুলতান আহমেদের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ ব্যাপারে ডিজিএম আবু জাফর সুলতান আহমেদ প্রথম আলোকে বলেন, সাভার, আশুলিয়া, ধামরাই এবং মানিকগঞ্জ এলাকায় প্রতিদিন ১৪০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে ১০২ মিলিয়ন ঘনফুট। এ কারণে গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।