সাভারে চাঁদাবাজির অভিযোগে যুবলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে চাঁদাবাজির অভিযোগে যুবলীগের এক নেতা ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে চাঁপাইন গ্রামে ওই যুবলীগের নেতার বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাভার সদর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক রাসেল ও তাঁর ভাই রবিউল ইসলাম।
পুলিশ জানায়, ওই দিন বিকেলে রাসেল ও তাঁর ভাই রবিউলসহ আরও কয়েকজন সাভার বাসস্ট্যান্ড এলাকায় তিতাস পরিবহনের কাউন্টারে গিয়ে চাঁদা দাবি করেন। কাউন্টারের কর্মচারীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁরা তিনটি বাস থেকে ২০ হাজার টাকা লুট করেন। পরিবহন কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে ওই দিন রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল তিতাস পরিবহনের পরিচালক শাহিনুর রহমান বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলায় রাসেল, রবিউলসহ আরও সাতজনকে আসামি করা হয়েছে।
শাহিনুর রহমান অভিযোগ করেন, প্রতিদিনই ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী নানা অজুহাতে তাঁদের কাউন্টার থেকে চাঁদা নেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলেই তাঁরা বাস থেকে টাকা লুট করে নিয়ে যান।
সাভার ডিবি পুলিশের পরিদর্শক শাহীন শাহ পারভেজ বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নামে সাভারের বিভিন্ন বাসস্ট্যান্ডে চাঁদাবাজি হয়। এসব চাঁদাবাজির সঙ্গে ওই সংগঠনগুলোর একশ্রেণীর নেতা-কর্মীও জড়িত। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগের অভাবে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয় না।