সাভারে চার ইটভাটাকে জরিমানা
সাভারে ছাড়পত্র ছাড়াই উৎপাদন কার্যক্রম পরিচালনা করায় দুটি ইটভাটাসহ চারটি প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার আগারগাঁওয়ে অধিদপ্তরে শুনানি শেষে এ দণ্ড দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা সাভারে বিভিন্ন সময় অভিযান চালিয়ে অনেক প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণ পেয়েছে। গতকাল দুটি ইটভাটাসহ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের শুনানির জন্য তলব করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট উৎপাদন করায় আশুলিয়া ব্রিকস-১ ও ২-কে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে তুরাগ নদের তীরে রেডিমিক্স কারখানা স্থাপন করায় ক্রাউন সিমেন্ট কংক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা এবং একই অপরাধে আশুলিয়ার রোস্তমপুরের সোনার বাংলা স্টোন ক্রাশারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার ১২ লাখ টাকা আদায় করা হয়। এর মধ্যে ক্রাউন সিমেন্ট কংক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টসের রয়েছে ৫ লাখ টাকা।
জানতে চাইলে অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর বলেন, দেশের বিভিন্ন স্থানে দূষণবিরোধী অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের অধিদপ্তরে তলব করে জরিমানা করা হয়েছে।